বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ‘বাংলাদেশে হামের পুনরুত্থান : আজকের সংক্রমণ ও আগামীদিনের স্বাস্থ্য ঝুঁকি (মিজলস রিসার্জেন্স ইন বাংলাদেশ : টুডেস ইনফেকশন, টুমোরোস রিস্ক)’ শীর্ষক সেন্ট্রাল সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের এ ব্লক অডিটোরিয়ামে সেন্ট্রাল সেমিনার সাবকমিটির উদ্যোগে এই আয়োজন করা হয়। সেমিনারে হাম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে মায়েদের বুকের দুধ খাওয়ানো নিশ্চিত করা, ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন জোরদার, দ্রুত রোগ শনাক্তকরণ এবং টিকাদান বা ভ্যাক্সিনেশন কর্মসূচি দ্রুত বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়।
সেন্ট্রাল সেমিনার সাবকমিটির সভাপতি অধ্যাপক ডা: আফজালুন নেছার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএমইউর প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ, প্রোভিসি (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম, প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান হাওলাদার এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: নাহরীন আখতার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা: খালেদ মাহবুব মুর্শেদ (মামুন)।
সেমিনারে ভাইরোলজি ও শিশু বিভাগের বিশেষজ্ঞরা বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন। প্রবন্ধগুলোতে বলা হয়, কোভিড-১৯ মহামারীর সময়ে নিয়মিত টিকাদান ব্যাহত হওয়া এবং টিকা গ্রহণে অনীহার কারণে সমাজে হার্ড ইমিউনিটি দুর্বল হয়ে পড়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি হামে আক্রান্ত শিশুদের মৃত্যুহার প্রায় ১৪.৪ শতাংশ, যা মূলত টিকা না নেয়া শিশুদের মধ্যে সর্বাধিক। হামের কারণে নিউমোনিয়া, ডায়রিয়া, অন্ধত্ব এবং দীর্ঘমেয়াদে মস্তিষ্কের প্রদাহ বা এসএসপিইর মতো মারাত্মক জটিলতা দেখা দিচ্ছে। তাই নিয়মিত ইপিআই কার্যক্রম জোরদার করা জরুরি।
প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ বলেন, বিএমইউতে হামে আক্রান্তদের জন্য আলাদা কর্নার চালু করা হয়েছে এবং এখানে চিকিৎসাধীন কোনো শিশু মারা যায়নি। চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়ে তিনি বলেন, চিকিৎসকদের মুক্তমনে সেবা দিতে দিন। প্রোভিসি (অ্যাকাডেমিক) অধ্যাপক ডা: মো: নজরুল ইসলাম বলেন, সরকার দ্রুত সব জটিলতা নিরসন করে হামের টিকাদান কার্যক্রম শুরু করেছে। প্রোভিসি (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা: মো: মুজিবুর রহমান রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির ওপর জোর দেন। কোষাধ্যক্ষ অধ্যাপক ডা: নাহরীন আখতার শিশুদের অপুষ্টি দূরীকরণের তাগিদ দেন। সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক ও গবেষকরা অংশ নেন। বিজ্ঞপ্তি।



