ক্রীড়া প্রতিবেদক
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের ষষ্ঠ রাউন্ডে জয় পেয়েছে রূপগঞ্জ টাইগার্স, লিজেন্ডস অব রূপগঞ্জ, বসুন্ধরা স্ট্রাইকার্স, মোহামেডান, আবাহনী ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। এর মাঝে হাড্ডাহাড্ডি লড়াইয়ে সিটি ক্লাবকে এক উইকেটে হারায় রূপগঞ্জ টাইগার্স। ব্রাদার্সের বিপক্ষে এক রানে জয় নিয়ে মাঠ ছাড়ে বসুন্ধরা স্ট্রাইকার্স। আরেক ম্যাচে লিজেন্ডস অব রূপগঞ্জ দুই রানে হারিয়েছে ঢাকা লেপার্ডসকে। সেঞ্চুরি করেছেন আবাহনীর জাকের আলী। ১৭ বলে হাফ সেঞ্চুরি পেয়েছেন মোহামেডানের তৌহিদ হৃদয়।
ইউল্যাব ক্রিকেট গ্রাউন্ডে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে এক রানে জয় রূপগঞ্জ টাইগার্সের। শেষ ওভারে ব্রাদার্সের লক্ষ্য ছিল ৮ রান। মহিউদ্দিন তারেকের প্রথম ৪ বলে ৫ রান এলেও পঞ্চম বলে গোলাম কিবরিয়ার উইকেট হারায় ব্রাদার্স। শেষ বলে নাঈম ইসলাম জুনিয়র এক রান নিলেও ম্যাচ জেতা হয়নি গোপীবাগের ক্লাবটির। এর আগে মোহাম্মদ আবদুল্লাহর অপরাজিত ৮১ ও মাহমুদুল হাসানের ৬৭ রানে ভর করে পাঁচ উইকেটে ২৩৮ রান করেছিল রূপগঞ্জ টাইগার্স। ব্রাদার্স থামে ৮ উইকেটে ২৩৭ রানে।
বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে বসুন্ধরা স্ট্রাইকার্সের এক উইকেটের জয় সিটি ক্লাবের বিপক্ষে। প্রথমে ব্যাট করে শাকিল হোসেনের ৬৭ রানের ইনিংসে সুবাদে ৮ উইকেটে ২৩১ রান করে সিটি। লক্ষ্য তাড়ায় ৯ উইকেট হারিয়ে এক বল বাকি থাকতে জয় নিশ্চিত করে স্ট্রাইকার্স।
বিকেএসপির ৪ নম্বর মাঠে লিজেন্ডস অব রূপগঞ্জের করা ২৫০ রান তাড়া করতে নেমে লেপার্ডস শেষ দিকে টানা উইকেট হারিয়ে ৪৮.৪ ওভারে ২৪৮ রানে থেমে যায়।
বিকেএসপির ৩ নম্বর মাঠে জাকের আলীর সেঞ্চুরিতে ভর করে জিতেছে আবাহনী। তার ১৩৩ রানের ইনিংসে চড়ে ৫০ ওভারে ৯ উইকেটে ৩৪১ রান করে আবাহনী। দ্বিতীয় সর্বোচ্চ ৭৫ রান করেন মাহিদুল ইসলাম। রান তাড়ায় প্রাইম ব্যাংক ৪৫.৩ ওভারে ২৩৫ রানে অলআউট হয়ে ১০৫ রানে ম্যাচ হারে।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ১৩৩ রানে আটকে যায় অগ্রণী ব্যাংক। মোহামেডানের হয়ে চারটি করে উইকেট নিয়ে অগ্রণীর ব্যাটিংয়ে ধস নামান মোহাম্মদ সাইফউদ্দিন ও মুশফিক হাসান। রান তাড়ায় এক উইকেটে ১১.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় মোহামেডান। ১৭ বলে ফিফটি করেন তৌহিদ হৃদয়। যা দেশের লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম। শেষ পর্যন্ত ২৪ বলে ৭১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন হৃদয়। সর্বশেষ আসরে আবাহনীর হয়ে শাইনপুকুরের বিপক্ষে ১৫ বলে ফিফটি করেছিলেন পারভেজ হোসেন।



