চট্টগ্রাম ব্যুরো
ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, যে সমাজে ইসলামী হুকুমাত প্রতিষ্ঠিত ছিল, সেই সমাজে কোনো পুরুষ কোনো নারীকে ধর্ষণের চিন্তাও মাথায় আনতে পারতো না। কারণ, ইসলামী আইনে এটা অনেক বড় অপরাধ। এই অপরাধের শাস্তিও অত্যন্ত কঠিন। সমাজে সুশাসনের জন্য ইসলামী আইন প্রতিষ্ঠার কোনো বিকল্প নেই।
গতকাল শুক্রবার বাদ জুমা শিশু রামিসা হত্যার বিচার, চাঁদাবাজি-সন্ত্রাসের অবসান ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে ছাত্রশিবির চট্টগ্রাম মহানগর উত্তর শাখা আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে তিনি এ কথা বলেন। নগরীর চকবাজার থেকে শুরু হয়ে জামালখান প্রেস ক্লাব পর্যন্ত এসে সমাবেশে মিলিত হয় বিক্ষোভ মিছিলটি।
নুরুল ইসলাম সাদ্দাম আরো বলেন, ভোটের আগে মদিনা সনদের কথা বলে ক্ষমতায় এসে তারা একের পর এক অপরাধ সংঘটিত করছে। আমরা স্পষ্ট করে বলতে চাই, শহীদ ওসমান হাদী, আছিয়া, রামিসাসহ সবধরনের হত্যাকাণ্ড ও অপরাধের কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে নিরাপত্তাবাহিনীগুলোকে নতুনভাবে প্রস্তুতি নিতে হবে। অন্যথায় দেশের মানুষ আবারো পরিবর্তনের জন্য রাজপথে নেমে আসবে। এভাবে একটি রাষ্ট্র চলতে পারে না। তিনি বলেন, এই সরকারের আমলে যতগুলো অপরাধ সংঘটিত হয়েছে তার ১০ শতাংশ আসামিকেও পুলিশ গ্রেফতার করতে পারেনি। যতগুলো মামলা হয়েছে তার ১০ শতাংশ মামলার বিচারও হয়নি।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় এইচআরএম সম্পাদক মো: নোমান হোসেন নয়ন, কেন্দ্রীয় আইন সম্পাদক মো: শামীম উদ্দিন এবং কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর দক্ষিণ সভাপতি মাইমুনুল ইসলাম। সভাপতিত্ব করেন কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগর উত্তর সভাপতি মোমিনুল হক।



