শাশুড়ি হত্যা মামলায় জামাতার মৃত্যুদণ্ড

Printed Edition

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের হালুয়াঘাটে শাশুড়ি জ্যোৎস্না রানী হত্যা মামলায় জামাতা সুজিত শীলকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে তাকে ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। বুধবার দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক ফারজানা আহমেদ এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সুজিত শীল ফুলপুর উপজেলার চনিয়া মোড় এলাকার বাসিন্দা। মামলার নথি অনুযায়ী, পারিবারিক বিরোধের জেরে ২০২১ সালের ৬ অক্টোবর রাতে সুজিত শীল তার স্ত্রী ইতি রানী শীলকে কুপিয়ে আহত করেন। পরে শাশুড়ি জ্যোৎস্না রানীকেও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। গুরুতর অবস্থায় দুজনকে হাসপাতালে নেয়া হলে পরদিন জ্যোৎস্না রানীর মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মেয়ে সন্ধ্যা রানী শীল বাদি হয়ে হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। ১৭ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত অভিযোগ প্রমাণিত হওয়ায় এ রায় দেন।