পিটিআই
ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য পাঞ্জাবের দু’টি শহরে সোমবার রাতে সামরিক কমপ্লেক্সের বাইরে কয়েক ঘণ্টার ব্যবধানে দু’টি বিস্ফোরণ ঘটেছে। ঘটনা দু’টি এখনো তদন্তাধীন থাকলেও এতে কোনো প্রাণহানি ঘটেনি। তবে সীমান্ত রাজ্যটির কর্তৃপক্ষকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে।
প্রথম বিস্ফোরণটি সোমবার স্থানীয় সময় রাত ৮টার দিকে জলন্ধরে বর্ডার সিকিউরিটি ফোর্সের কমপ্লেক্সের বাইরে ঘটে। একটি নিরাপত্তা ক্যামেরায় ধরা পড়া দৃশ্যে দেখা যায় বিস্ফোরণে একটি স্কুটার এবং আশেপাশের দোকানপাট ও ট্রাফিক সিগন্যাল ক্ষতিগ্রস্ত হয়েছে। জলন্ধরের পুলিশ কমিশনার ধনপ্রীত কৌর মঙ্গলবার রাতে সাংবাদিকদের নিশ্চিত করেছেন যে গেটের কাছে পার্ক করা একটি স্কুটারে হঠাৎ আগুন লেগে যায়। কর্তৃপক্ষ জানিয়েছে স্কুটারের মালিক তদন্তে সম্পূর্ণ সহযোগিতা করছেন। পাঞ্জাব পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন জলন্ধর বিস্ফোরণের দায় স্বীকার করেছে খালিস্তান লিবারেশন আর্মি (কেএলএ)। ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটিকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে। তবে কর্তৃপক্ষ জানিয়েছে বিস্ফোরণটি দুর্ঘটনাজনিত নাকি পরিকল্পিত তা নিশ্চিত করার সময় এখনো আসেনি এবং তারা সব সূত্র খতিয়ে দেখছে।
জলন্ধরের ঘটনার মাত্র কয়েক ঘণ্টা পর অমৃতসর শহরের একটি সেনা শিবিরের বাইরে বিকট শব্দ শোনার খবর পাওয়া যায়। অমৃতসরের গ্রামীণ সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ সুহাইল কাসিম মীর জানান বিস্ফোরণস্থলের সীমানা প্রাচীরে ধাতব পাতের মতো দেখতে টুকরো গেঁথে থাকতে দেখা গেছে।



