১৩ জুন থেকে অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবলের চূড়ান্ত পর্ব

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

গত বছর ২২ ডিসেম্বর শুরু হয়েছিল অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবলের বাছাই পর্ব। হোম অ্যান্ড অ্যাওয়েতে খেলার পর ১৫ মার্চ ৬২ জেলার অংশ গ্রহণ শেষে সেখান থেকে চ’ড়ান্ত পর্বে উঠেছে ৮ জোন চ্যাম্পিয়ন দল। এই ৮ দলের চূড়ান্ত পর্ব ১৩ জুন থেকে কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে শুরু হবে। চূড়ান্ত পর্বের জন্য স্পন্সর পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এবং ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক (এনসিসি ব্যাংক) এই আসরের পৃষ্ঠপোষক। গতকাল সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলন শেষে অনুষ্ঠিত হয় ড্র এবং গ্রুপিং। এতে ‘এ’ গ্রুপে পড়েছে জামালপুর, মাগুরা, নীলফামারী, ও চট্টগ্রাম। ‘বি’ গ্রুপের চার দল মৌলভীবাজার, পিরোজপুর, রাজবাড়ী ও সিরাজগঞ্জ। ২০ জুন সেমিফাইনাল শেষে ২২ তারিখে ফাইনাল।

বাফুফের অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল কমিটির চেয়ারম্যান ছাঈদ হাসান কানন জানান, চূড়ান্ত পর্বে আসা দলগুলোতে এক লাখ টাকা করে দেয়া হচ্ছে। এ ছাড়া চ্যাম্পিয়ন দল তিন লাখ ও রানার্সআপ দল পাবে দুই লাখ টাকা। প্রতি ম্যাচের ম্যাচ সেরারা পাবেন পাঁচ হাজার করে। রয়েছে সর্বোচ্চ গোলদাতা ও সেরা গোলরক্ষকের পুরস্কারও।