নয়া দিগন্ত ডেস্ক
নড়াইলের লোহাগড়ায় স্বামীর হাতে খুন হয়েছেন টিকটক আসক্ত স্ত্রী। অন্য দিকে দিনাজপুরের বোচাগঞ্জে ব্যবসায়ী স্বামীকে হত্যা করেছে সাবেক স্ত্রী। এ ছাড়া দেশের চার জেলায় শিশু ও বৃদ্ধসহ চার লাশ উদ্ধার করা হয়েছে। পাবনায় আতাইকুলায় স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবদলের এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
নড়াইল প্রতিনিধি জানান, নড়াইলের লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া গ্রামে টিকটকে আসক্ত স্ত্রী সুমনা খানম রওশনাকে (৩৬) হত্যার অভিযোগে স্বামী লিমন মল্লিককে (৩০) আটক করেছে পুলিশ। সোমবার রাতে নিজ এলাকা থেকে তাকে আটক করা হয়। নিহত সুমনা তার দ্বিতীয় স্ত্রী। সুমনা নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার বারদি এলাকায় বাবর আলী ফকিরের মেয়ে।
লিমন পুলিশকে জানিয়েছেন, স্ত্রী সুমনা টিকটকে ভিডিও পোস্ট করার পাশাপাশি পরপুরুষদের সাথে বিভিন্ন ধরনের ছবি ও ভিডিও আদান-প্রদান করত। এ নিয়ে লিমন ও সুমনার মধ্যে প্রায়ই কলহ সৃষ্টি হতো। এর জের ধরে সুমনাকে সোমবার সকালে শ্বাসরোধে হত্যার পর ঘরের মধ্যে ঝুলিয়ে রেখে বাইরে বেরিয়ে যান লিমন।
নিহত সুমনার মা রূপচাঁদা বেগম জানান, তার মেয়ে প্রায় পাঁচ বছর ধরে তাদের সাথে কোনো যোগাযোগ রাখত না। এ সময় সুমনা কোথায় ছিলেন, তাদের বাড়ির লোকজন (পরিবার) তা জানত না। এক বছর আগে সুমনা পরিবারের সাথে যোগাযোগ করে স্বামী সংসারের কথা তার মাকে জানান।
সুমনার মা রূপচাঁদা বলেন, ‘মাইয়াডারে হত্যার পর জামাই লিমন সোমবার সকালে মোবাইলে জানায়, আপনার মাইয়ারে মাইরা ফ্যালাইছি, আইসা দেইখা যান। এরপর থেইকা তার (লিমন) ফোন বন্ধ আর বন্ধ। পরে বিকেলে মেম্বারসাব ফোনে জানায়, আমার মাইয়াডারে হত্যার কথা। তবুও বিশ^াস হই নাই। পরে রাতে পুলিশ জানাইলে বিশ^াস হয়।’
এ দিকে পুলিশ পরিদর্শক (তদন্ত) অজিত কুমার রায় জানান, স্ত্রী সুমনাকে হত্যার পর সোমবার সকাল ১০টার দিকে দরজা বন্ধ করে ঘর থেকে বেরিয়ে যান লিমন। ওই দিন বিকেল ৫টার দিকে বাড়িতে এসে ঘরের দরজা খুলে চিৎকার করে কাঁদতে থাকেন তিনি। লিমনের কান্নার শব্দ শুনে পরিবারের সদস্যসহ প্রতিবেশীরা এগিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। স্ত্রী সুমনা আত্মহত্যা করেছে মর্মে লিমন প্রথমে প্রচার করার চেষ্টা চালালেও পুলিশের কাছে জিজ্ঞাসাবাদে তাকে হত্যার কথা স্বীকার করেছে।
দিনাজপুর প্রতিনিধি জানান, দিনাজপুরের বোচাগঞ্জে মোস্তাফিজুর রহমান (৩৮) নামে এক ব্যবসায়ীর পায়ের রগ কেটে হত্যার ঘটনায় নিহতের সাবেক স্ত্রী টিকটকার শিল্পী আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে।
গত সোমবার সকালে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থা মোস্তাফিজুর মারা যান।
তিনি সেতাবগঞ্জ পৌর এলাকার মৃত ডা: নিয়াজ উদ্দিনের ছেলে এবং ডিএন অটোরাইস মিলের স্বত্বাধিকারী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত রোববার দুপুরে বোচাগঞ্জের নিজ বাড়িতে এক হামলার ঘটনায় গুরুতর আহত হন ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান। তিনি তার বোচাগঞ্জের বাড়িতে একাই বসবাস করতেন। ডিভোর্স হয়ে গেলেও সাবেক স্ত্রী শিল্পী আক্তার মাঝে মধ্যেই তার সাবেক স্বামী মোস্তাফিজুর রহমানের সাথে দেখা করতে তার বাড়িতে যাতায়াত করত।
পায়ের রক কাটা যাওয়ায় প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে প্রথমে বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশনে স্থানান্তর করা হয়।
পুলিশ আরো জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটন এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে। নিহতের স্বজনদের পক্ষ থেকে অভিযোগ পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।
লালমনিরহাট প্রতিনিধি জানান, লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ভুট্টা ক্ষেতের মাটি খুঁড়ে নন্দিনী (৭) নামে এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী গ্রামে নিজ বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেত থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়। নন্দিনী ওই গ্রামের নলিনী কান্তের মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার বিকেল থেকে নন্দিনী নিখোঁজ ছিল। পরিবারের সদস্যরা তাকে খুঁজে না পেয়ে এলাকায় মাইকিংসহ বিভিন্ন স্থানে অনুসন্ধান চালান। কিন্তু সন্ধ্যা পর্যন্ত তার কোনো সন্ধান মেলেনি।
পরদিন মঙ্গলবার সকালেও পরিবারের সদস্য ও স্থানীয়রা খোঁজাখুঁজি অব্যাহত রাখেন। একপর্যায়ে বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে নরম মাটি দেখে তাদের সন্দেহ হয়। পরে ওই স্থানে মাটি খুঁড়ে বস্তাবন্দী অবস্থায় নন্দিনীর লাশ উদ্ধার করেন স্থানীয়রা।
খবর পেয়ে আদিতমারী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং আইনি প্রক্রিয়া শুরু করে।
পাইকগাছা (খুলনা) সংবাদদাতা জানান, খুলনার পাইকগাছা উপজেলার লতা ইউনিয়নের বাহিরবুনিয়া গ্রামে বেতাঙ্গী নদীর পাড় থেকে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত ব্যক্তি ব্রিন্সীপদ মণ্ডল (১০৫), তিনি উপজেলার পুতুলখালী গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার ভোরে বাহিরবুনিয়া গ্রামের মুনছুর সরদারের বাড়ির সামনে বেতাঙ্গী নদীর তীরে একটি লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী থানায় খবর দেন। খবর পেয়ে পাইকগাছা থানা পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
মৃতের ছেলে উজ্জ্বল মণ্ডল জানান, তার বাবা দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। রোববার রাত প্রায় ৯টার দিকে তিনি বাড়ি থেকে বের হয়ে যান। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করলেও তার সন্ধান পাননি। সোমবার ভোরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা জানতে পারেন, বেতাঙ্গী নদীর পাড়ে তার বাবার লাশ পাওয়া গেছে।
রাজবাড়ী প্রতিনিধি জানান, রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউপির পাট ক্ষেত থেকে সোমবার মো: আসাদুজ্জামান (২৪) নামে এক জামায়াত কর্মীর হাত-পা বাঁধা ও অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। দুর্বৃত্তরা তাকে নির্মমভাবে হত্যা করার পর লাশ আগুনে ঝলসে দিয়েছে বলে জানা গেছে।
নিহত আসাদুজ্জামান কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের বিল মানুষমারি গ্রামের মো: শাহজাহান মণ্ডলের ছেলে। জামায়াতের কালুখালী উপজেলা আমীর আব্দুর রব জানান, নিহত আসাদুজ্জামান মদাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের একজন সক্রিয় কর্মী ছিলেন।
মাদরাসায় পড়াশোনার পাশাপাশি সে বাবার সাথে মাঠে কৃষিকাজ করত।
কালুখালী থানার ওসি জানান, ‘এটি অত্যন্ত অনাকাক্সিক্ষত ও নৃশংস ঘটনা। একটি পাট ক্ষেতের পাশ থেকে হাত-পা বাঁধা ও অগ্নিদগ্ধ অবস্থায় যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে লাশ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ এরই মধ্যে তদন্ত শুরু করেছে।
ঘটনার সাথে জড়িত সন্দেহে জিঙ্গাসাবাদের জন্য বিল মানুষমারি গ্রামের কাওসারের ছেলে মিজানুরকে পুলিশ গ্রেফতার করেছে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গত রোববার বাদ আসর বাড়ি থেকে তার বন্ধু মিজানুর ডেকে নিয়ে যায়। এর পর থেকে আসাদুজ্জামান নিখোঁজ হন। পরে রাত ৮টার দিকে সে তার সৌদি প্রবাসী দুলাভাইয়ের কাছে মুঠোফোনে জরুরি পাঁচ হাজার টাকা লাগবে বলে জানায়। এর পর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায় এবং পরিবারের সাথে সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। সোমবার সকালে স্থানীয় কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে লাশ দেখতে পেয়ে পুলিশ ও পরিবারকে খবর দেয়।
বরিশাল ব্যুরো জানায়, তিন দিন আগে নিখোঁজ অটোরিকশাচালক নাজমুল মোল্লার (২২) লাশ বরিশালের কালিজিরা নদী থেকে বস্তাবন্দী অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে তথ্যের সত্যতা স্বীকার করে বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি আল মামুন উল ইসলাম জানিয়েছেন, সকালে নদীর তেমাথা এলাকা থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। নিহত নাজমুল মোল্লা বরিশাল নগরীর ২৬ নম্বর ওয়ার্ডের হরিণফুলিয়া-জাগুয়া এলাকার বাসিন্দা আব্দুর রশিদ মোল্লার ছেলে।
ওসি বলেন, গত ১৩ জুন অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হয় নাজমুল। এরপর সে বাসায় ফিরে আসেননি। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে গত ১৪ জুন পরিবারের পক্ষ থেকে থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়। সোমবার সকাল ৭টার দিকে স্থানীয় লোকজন নদীতে একটি লাশ ভাসতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে তা উদ্ধার করে। পরে পরিবারের সদস্যরা গিয়ে লাশ শনাক্ত করেছে।
পাবনা প্রতিনিধি জানান, পাবনার আতাইকুলায় স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার অভিযোগে অভিযুক্ত যুবদল নেতা আবুল কাশেমকে গ্রেফতার করেছে পুলিশ। অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে যুবদল থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে।
তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার ভোরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে আতাইকুলা থানা পুলিশের টিম।
গ্রেফতারকৃত আবুল কাশেম পাবনার আতাইকুলা থানা এলাকার আড়িয়াডাঙ্গী গ্রামের মৃত নিজামুদ্দিন শেখের ছেলে এবং আর-আতাইকুলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
আতাইকুলা থানার ওসি মজিবর রহমান জানান, তথ্যপ্রযুক্তির সহায়তায় আমরা সারারাত অভিযান চালিয়েছি। ভোরে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকা থেকে আমরা তাকে গ্রেফতার করে নিয়ে এসেছি। এ বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এর আগে গত ১১ জুন স্কুল থেকে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠে আবুল কাশেমের বিরুদ্ধে। এ ঘটনায় পরদিন শিক্ষার্থীর মা বাদি হয়ে কাশেম শেখকে অভিযুক্ত করে আতাইকুলা থানায় মামলা দায়ের করে।



