শ্রীপুরে নারী চিকিৎসককে জোর করে বিয়ের অভিযোগে সহকর্মী গ্রেফতার

Printed Edition

গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের শ্রীপুরে সহকর্মী নারী চিকিৎসককে অপহরণ ও জোরপূর্বক বিয়ের অভিযোগে এক চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত ডা: মাহবুব হাসান রায়হান (৩৩) শ্রীপুর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের বাউনী গ্রামের হাসান আলীর ছেলে। এ ঘটনায় ভুক্তভোগী নারী চিকিৎসক আটজনকে আসামি করে শুক্রবার শ্রীপুর থানায় একটি মামলা করার পর প্রধান আসামি ডা: মাহবুব হাসান রায়হানকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। গতকাল বিকেলে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম মামলা ও গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে ,ভুক্তভোগী চিকিৎসক ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দুর্গাপুর (তেলজুড়ী) গ্রামের বাসিন্দা। তিনি শ্রীপুর পৌরসভার (শ্রীপুর চৌরাস্তায়) এশিয়া ডায়াগনস্টিক সেন্টারের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। মামলায় প্রধান আসামি এশিয়া ডায়াগনস্টিক সেন্টারে মাঝে মধ্যে অন কলে রোগী দেখতেন।

মামলার অপর আসামিরা হলেন তার সহযোগী শ্রীপুর পৌরসভার লোহাগাছ এলাকার রিফাত (৩৩), নাফিজ (২৫), আজমল (৩২), রায়হান (২৫)সহ অজ্ঞাত তিনজন।