ক্রীড়া ডেস্ক
ইরান সরকার তাদের জাতীয় ও ক্লাব ক্রীড়া দলগুলোর জন্য ‘শত্রুভাবাপন্ন’ বিবেচিত দেশগুলোতে সফরের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। এশিয়ান প্রতিযোগিতার ম্যাচ সামনে রেখে দেশটির ক্রীড়া মন্ত্রণালয়ের এই সিদ্ধান্ত এসেছে।
রাষ্ট্রীয় টেলিভিশনের বরাতে জানানো হয়েছে, নিরাপত্তাঝুঁকির কারণে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ইরানি দলগুলো এমন কোনো দেশে যাবে না, যেখানে খেলোয়াড় ও দলের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। বিশেষ করে সৌদি আরবে অনুষ্ঠিতব্য ইরানের ক্লাব ট্রাক্টর এফসি ও আরব আমিরাতের ক্লাব শাহাব আল আহলি মধ্যকার এএফসি চ্যাম্পিয়ন লিগ এলিটের শেষ ষোলোর ম্যাচটি এই সিদ্ধান্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে। মধ্যপ্রাচ্যের চলমান সঙ্ঘাতের কারণে অঞ্চলজুড়ে নিরাপত্তা পরিস্থিতি অবনতি হওয়ায় এই পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানানো হয়।
এশিয়ান ফুটবল কনফেডারেশন সম্প্রতি জানায়, যুদ্ধের কারণে স্থগিত হওয়া পশ্চিমাঞ্চলের প্লে-অফ ম্যাচগুলো ১৩-১৪ এপ্রিল জেদ্দায় অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে ১৬-২৫ এপ্রিল কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল আয়োজনের পরিকল্পনাও রয়েছে। ইরানের ক্রীড়া মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির ফুটবল ফেডারেশন ও সংশ্লিষ্ট ক্লাবগুলো বিষয়টি আনুষ্ঠানিকভাবে এএফসিকে জানাবে, যাতে ম্যাচের ভেন্যু পরিবর্তনের ব্যবস্থা করা যায়।



