যুক্তরাজ্যভিত্তিক বিজ্ঞানবিষয়ক খ্যাতনামা সাময়িকী নেচারের সর্বশেষ প্রকাশিত নেচার ইনডেক্সে বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে স্থান লাভ করেছে। আন্তর্জাতিক মানের গবেষণা প্রকাশনা, গবেষকদের সক্রিয় অংশগ্রহণ এবং জ্ঞান সৃষ্টিতে ধারাবাহিক অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ এই অর্জন করেছে।
নেচার ইনডেক্সের সর্বশেষ তথ্যানুযায়ী, ১৯৪টি দেশের মধ্যে গবেষণায় বাংলাদেশের অবস্থান ৫৪তম। গত বছর এ তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ৬১তম। ফলে এক বছরে বাংলাদেশ সাত ধাপ এগিয়েছে। এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশ আগেরবারের মতো এবারো ১৩তম অবস্থানে রয়েছে। বিশ্বের ১৭৮টি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক বৈজ্ঞানিক সাময়িকীতে ১ মার্চ ২০২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি ২০২৬ সময়কালে প্রকাশিত গবেষণাপত্রের তথ্য বিশ্লেষণের ভিত্তিতে নেচার ইনডেক্সে এই সূচক প্রণয়ন করা হয়েছে।
সর্বশেষ সূচকে বাংলাদেশের বিজ্ঞানী ও গবেষকদের প্রকাশিত মোট গবেষণা নিবন্ধের সংখ্যা ১৪৩টি এবং গবেষণায় অবদানের হার (ঝযধৎব) ৩৫ দশমিক ৭৪ শতাংশ। এর মধ্যে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ ২১টি গবেষণা নিবন্ধ প্রকাশ করে শীর্ষস্থান অর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম এ অর্জনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান। তিনি বলেন, এই অর্জন প্রমাণ করে যে, আন্তর্জাতিক মানের গবেষণা ও জ্ঞানচর্চায় ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের নেতৃত্ব দিয়ে যাচ্ছে। গবেষণার মানোন্নয়ন, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং গবেষকদের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।



