পরাজয়ের পরও পদে থাকবেন স্টারমার

Printed Edition

রয়টার্স

যুক্তরাজ্যে স্থানীয় নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে লেবার পার্টির পরাজয়ের পরও পদে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তার এই ঘোষণার পরপরই স্টার্লিংয়ের দাম বেড়ে যায়। স্থানীয় সময় শুক্রবার সকালে মার্কিন ডলারের বিপরীতে শক্তিশালী হয়েছে পাউন্ড স্টার্লিং ও ইউরো।

নির্বাচনে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের নেতৃত্বাধীন লেবার পার্টির বড় ধরনের ভরাডুবির ইঙ্গিত মিললেও তিনি পদত্যাগ করবেন না বলে জানিয়েছেন। নির্বাচনে খারাপ ফলাফলকে কঠিন ও হতাশাজনক হিসেবে বর্ণনা করে স্টারমার বলেন, ‘খুব কঠিন রাত গেছে।’ তবে বর্তমান পরিস্থিতিতে নেতৃত্ব পরিবর্তন দেশের জন্য স্থিতিশীলতা নষ্ট করতে পারে দাবি করে তিনি স্পষ্ট করে জানান, তিনি পদত্যাগ করবেন না এবং লড়াই চালিয়ে যাবেন। স্থানীয় সময় শুক্রবার সকাল পর্যন্ত পাওয়া ফলাফলে দেখা যায়, বিভিন্ন অঞ্চলে লেবার পার্টি উল্লেখযোগ্যভাবে জনসমর্থন হারিয়েছে।

তবে মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে এই ফলাফল পুরোপুরি অপ্রত্যাশিত ছিল না বলে মনে করছেন বিশ্লেষকরা। গতকাল শুক্রবার সকালে পাউন্ডের দর ০.২৫ শতাংশ বেড়ে দাঁড়ায় ১.৩৫৮৩ ডলারে। একই সময়ে ইউরোর বিপরীতে পাউন্ড ০.০৮ শতাংশ শক্তিশালী হয় এবং এক ইউরোর মূল্য দাঁড়ায় ৮৬.৪৫ পেন্সে। মনেক্স ইউরোপের ম্যাক্রো গবেষণা বিভাগের প্রধান নিক রিস বলেন, স্টারমারের বিকল্প হিসেবে যাদের নাম আলোচনায় আসছে, তাদের কেউই স্টার্লিংয়ের জন্য ইতিবাচক হবেন না।