বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় তরুণীকে ছুরিকাঘাত

Printed Edition

ফুলতলা (খুলনা) সংবাদদাতা

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় খুলনার ফুলতলায় এক এসএসসি পরীক্ষার্থীকে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাত করেছে আশিক শেখ (২৫) নামে এক বখাটে। গত রোববার বেলা পৌনে দুইটার দিকে ফুলতলা খাদ্যগুদাম খেয়াঘাটে এ ঘটনা ঘটে। স্থানীয় জনতা ধাওয়া করে বখাটেকে ধরে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় মরিয়মের পিতা বাদি হয়ে ফুলতলা থানায় মামলা করেছেন।

আহত পরীক্ষার্থীর নাম মরিয়ম খানম ওরফে নদী (১৭)। সে অভয়নগরের সিদ্ধিপাশা পিবি মাধ্যমিক বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। গুরুতর আহত মরিয়মকে প্রথমে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আটক আশিক অভয়নগরের গোবিনাথপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোববার ফুলতলা রি-ইউনিয়ন হাই স্কুল কেন্দ্রে বিজ্ঞান পরীক্ষা শেষে বাবা-মায়ের সাথে বাড়ি ফিরছিল মরিয়ম। তারা খেয়া নৌকায় ওঠার পরপরই বখাটে আশিক ধারালো ছুরি নিয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় সে মরিয়মের বাবা-মাকে ধাওয়া করে এবং মরিয়মের পিঠে ছুরিকাঘাত করে।

মরিয়মের মা জানান, আশিক গত দুই বছর ধরে তার মেয়েকে উত্ত্যক্ত করাসহ বিয়ের প্রস্তাব দিচ্ছিল। এ বিষয়ে আশিকের পরিবারকে জানিয়েও প্রতিকার মেলেনি। পরীক্ষা শুরুর পর থেকে সে নিয়মিত হুমকি দিয়ে আসছিল।