নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে শপথ নিয়েছেন জামায়াত জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম।
গতকাল বুধবার জাতীয় সংসদ ভবনে স্পিকারের কার্যালয়ে তাকে শপথবাক্য পাঠ করান স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। সংসদ সচিবালয়ের সচিব গোলাম সরওয়ার ভূঁইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এ শপথ অনুষ্ঠানে ডেপুটি স্পিকার কায়সার কামাল, বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শপথ শেষে তিনি শপথ বইয়ে স্বাক্ষর করেন।
নুসরাত তাবাসসুমের সংসদ সদস্য হওয়ার প্রক্রিয়াটি ছিল কিছুটা ব্যতিক্রমী। নির্ধারিত সময়ের পরে মনোনয়ন জমা দেয়ায় শুরুতে রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়নপত্র গ্রহণ করেননি। পরে তিনি হাইকোর্টে রিট করলে আদালতের নির্দেশে মনোনয়ন গ্রহণ করা হয় এবং যাচাই-বাছাই শেষে তা বৈধ ঘোষণা করা হয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংরক্ষিত নারী আসনের সদস্য হিসেবে নির্বাচিত ঘোষণা করে গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। সংরক্ষিত নারী আসনের ৪৯ জন সদস্য আগেই শপথ নিলেও আইনি জটিলতার কারণে নুসরাত তাবাসসুমের শপথ কিছুটা বিলম্বিত হয়।
বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংখ্যা মোট ৫০টি, যা সরাসরি ভোটের পরিবর্তে সংসদে প্রতিনিধিত্বকারী দলগুলোর আসনসংখ্যার অনুপাতে বণ্টন করা হয়। ত্রয়োদশ জাতীয় সংসদে বিএনপি জোট ৩৬টি, জামায়াত নেতৃত্বাধীন জোট ১৩টি এবং স্বতন্ত্র জোট একটি সংরক্ষিত নারী আসন পায়। জামায়াত জোটের এনসিপির প্রার্থী হিসেবে সংসদ সদস্য হলেন নুসরাত তাবাসসুম।
কুষ্টিয়ার দৌলতপুরে জন্ম নেয়া নুসরাত তাবাসসুম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং বর্তমানে এনসিপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি নারীভিত্তিক সংগঠন ‘জাতীয় নারী শক্তি’র প্রধান সংগঠক হিসেবেও যুক্ত আছেন।



