চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রামে মশাবাহিত বিরল রোগে আক্রান্ত হয়ে ড. জাকিয়া সুলতানা জুথি নামের এক বিশ্ববিদ্যালয় অধ্যাপকের মৃত্যু হয়েছে। চিকিৎসকদের ধারণা, তিনি জাপানিজ এনসেফালাইটিস নামক এক ভয়ঙ্কর ভাইরাসে আক্রান্ত ছিলেন।
বৃহস্পতিবার নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
ড. জুথি চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) ফুড সায়েন্স ও টেকনোলজি অনুষদের অধ্যাপক ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, গত ৪ মে সামান্য জ্বর ও প্রচণ্ড মাথাব্যথায় অসুস্থ হয়ে পড়েন ড. জুথি। প্রাথমিক অবস্থায় সাধারণ ফ্লু মনে হলেও দ্রুত তার শারীরিক অবস্থার অবনতি হতে থাকে। পরে তাকে প্রথমে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার ‘মাল্টিপল স্ট্রোক’ হলে দ্রুত লাইফ সাপোর্টে নেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হলেও শেষরক্ষা হয়নি। এভারকেয়ার হাসপাতালে পৌঁছানোর ২৪ ঘণ্টার মধ্যেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মেট্রোপলিটন হাসপাতালের চিকিৎসক ডা: কাউসারুল আলম জানান, ভর্তির কয়েক ঘণ্টার মধ্যেই ওই রোগীর মাল্টিপল স্ট্রোক হয়েছিল।
অন্য দিকে এভারকেয়ার হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, রোগী যখন তাদের কাছে পৌঁছান, তখন তিনি ক্লিনিক্যালি ‘ব্রেন ডেড’ ছিলেন। প্রাথমিক উপসর্গ ও ক্লিনিক্যাল অবস্থা দেখে চিকিৎসকদের প্রবল সন্দেহ, এটি ‘জাপানিজ এনসেফালাইটিস’। এই ভাইরাস মূলত কিউলেক্স মশার মাধ্যমে ছড়ায় এবং সরাসরি মানুষের স্নায়ুতন্ত্র বা মস্তিষ্কে আঘাত করে।
ড. জাকিয়া সুলতানা জুথি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০০৭-০৮ সেশনের অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিলেন। সম্প্রতি তিনি জাপানের হিরোশিমা ইউনিভার্সিটি থেকে পিএইচডি এবং কিউশু ইউনিভার্সিটি থেকে পোস্ট-ডক্টরেট শেষ করে দেশে ফেরেন। চলতি বছরের শুরুতেই তিনি সিভাসু’র অধ্যাপক হিসেবে পদোন্নতি পেয়েছিলেন।



