আব্দুল হাকিম ডালিম, পীরগঞ্জ (রংপুর)
রংপুরের পীরগঞ্জে তৃণমূল জনপদে গ্রামীণ অবকাঠামো উন্নয়নে বদলে যাচ্ছে সাধারণ মানুষের জীবনযাত্রা। স্থানীয় সরকার প্রকৌশল ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস জানায়, ২০২৫-২৬ অর্থবছরে এডিবি, কাবিখা, কাবিটা ও টিআর প্রকল্পের আওতায় ১৫টি ইউনিয়নে প্রায় ৩০ কিলোমিটার রাস্তা, দু’টি ব্রিজ ও ছয়টি ইউনিয়ন ভূমি অফিস ভবন নির্মাণ কাজ চলমান।
রাস্তা নির্মাণ ও সংস্কারে ব্যয় ধরা হয়েছে ৩২ কোটি ৬৪ লাখ ৯৪ হাজার ৫৯ টাকা। করতোয়া জয়ন্তীপুর ও নুনদহ ঘাটে দু’টি ব্রিজ নির্মাণে বরাদ্দ ৩০ কোটি ৩১ লাখ টাকার বেশি। আর ছয়টি ডিজিটাল ভূমি অফিস নির্মাণে ব্যয় হবে প্রায় ৫ কোটি ৮১ লাখ টাকা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: আবদুল আজিজ জানান, কাবিখা-কাবিটা কর্মসূচির আওতায় ২ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ৭১টি প্রকল্প ও খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় চাল ও গম বিতরণ করা হয়েছে। টিআর কর্মসূচির আওতায় ১ কোটি ৬৬ লাখ টাকার ৯২টি প্রকল্পও সম্পন্ন হয়েছে।
সংসদ সদস্য অধ্যাপক মওলানা মো: নুরুল আমিন বলেন, ‘নির্বাচিত হওয়ার পর সরেজমিন পরিদর্শন করে উন্নয়ন পরিকল্পনা নেয়া হয়েছে। নিজে তদারকি করছি, দ্রুত কাজ শেষ হবে।’
উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান বাপ্পি জানান, নির্মাণ সামগ্রীর দাম বৃদ্ধিতে কাজ কিছুটা ধীরগতিতে হলেও সব প্রকল্প সময়মতো শেষ করার চেষ্টা চলছে। তৃণমূলে এ উন্নয়ন যেন দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিচ্ছে।



