সংসদ প্রতিবেদক
দেশের উদ্ভূত জ্বালানি পরিস্থিতি মোকাবেলায় করণীয় নির্ধারণ ও প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নে কাজ শুরু করেছে ত্রয়োদশ জাতীয় সংসদের বিশেষ কমিটি। এ লক্ষ্যে তারা সংসদে একটি সুপারিশমালাসংবলিত রিপোর্ট উপস্থাপনের সিদ্ধান্ত নিয়েছে। একই সাথে বহুল আলোচিত চট্টগ্রাম-ঢাকা তেল পাইপলাইনের কাজ শেষ হয়েছে এবং আগামী জুনের শেষ নাগাদ পুরোদমে পাইপ লাইনের মাধ্যমে জ্বালানি তেল সরবরাহ শুরু হবে।
গতকাল জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বিশেষ কমিটির দ্বিতীয় বৈঠকে এসব তথ্য উঠে আসে। বৈঠকে সভাপতিত্ব করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।
বৈঠকে কমিটির সদস্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু, মঈনুল ইসলাম খান, মো: সাইফুল আলম, মো: নূরুল ইসলাম, মো: আব্দুল বাতেন, মো: আবুল হাসনাত ও মোহাম্মদ আবুল হাসান অংশ নেন।



