ক্রীড়া প্রতিবেদক
ব্যক্তিগত কাজে বাংলাদেশ সফরে এসেছেন হামজা চৌধুরী। এবার এসেছেন বিজ্ঞাপনী সংস্থার অ্যাসাইনমেন্টে। সেই সফরের অংশ হিসেবে গতকাল নতুন কুঁড়ি স্পোর্টসের খেলা দেখতে মোহাম্মদপুরে ফিজিক্যাল মাঠে গিয়েছিলেন লেস্টার সিটির এই পোস্টার বয়। সেখানে কিশোর-কিশোরীরা তাকে পেয়ে আনন্দে উদ্বেল হয়ে পড়েছিল। ছবিও তুলে রাখেন অনেকে। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের আমন্ত্রণেই সেখানে উপস্থিত বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় এই তারকার। এ সময় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সভাপতি তাবিথ আওয়ালকে হামজাসহ বিদেশী কোচ নিয়োগ নিয়ে অনেক কথাই বলতে হয়েছে।
তাবিথ আওয়াল জানান, ‘নতুন কুঁড়িতে ৪৫ হাজার মেয়ে রেজিস্ট্রেশন করেছে খেলার জন্য। তো এটা বাংলাদেশের জন্য একটা খুবই মাইলফলক ব্যাপার। হামজা চৌধুরীকে সব ক্রীড়াবিদ স্টার হিসেবে গণ্য করে। প্রতিমন্ত্রী আমিনুল হক এবং হামজা মিলে যে ইন্সপিরেশনটা দিয়েছেন, তাতে অনেক ইয়াং তরুণ এবং তরুণীরা ইন্সপিরেশন পাবে খেলাধুলাতে থাকার জন্য এবং ভবিষ্যতে খেলার মাধ্যমে নিজেকে গড়ে তোলার জন্য।’
বিদেশী কোচ নিয়োগ নিয়ে বাফুফে সভাপতি বলেছেন, ‘১১ জনের ইন্টারভিউ বর্তমানে অনলাইনে চলছে। আগামীকালও (আজ) হবে। ন্যাশনাল টিমস কমিটি ইন্টারভিউগুলো নিচ্ছে। যখন ১১ জনের ইন্টারভিউ চূড়ান্ত করবে, তখন আমরা হয়তো এক্সিকিউটিভ কমিটিতে নিয়ে একটা ফাইনাল কোচের সিদ্ধান্ত নেবো। টার্গেট হলো রবিবারের ভেতর একটা ফাইনাল ডিসিশনে চলে যাবো। ১৫ মের ভেতরে আমরা চাই পরবর্তী কোচের চুক্তি স্বাক্ষর করতে।’
বিদেশী কোচ নিয়ে বাফুফে সভাপতি বলেছেন, ‘বাংলাদেশের ব্যাপারে সবাই এক্সাইটেড, আমরাও এক্সাইটেড তাদের নিয়ে। কিন্তু বিস্তারিত আলোচনায় গেলেই তো প্রতিকূলতা চলে আসে। তাই আমরা বাংলাদেশের বর্তমান অবকাঠামোর ব্যাপারে ডিসকাস করছি, তাদের চাহিদাগুলো শুনছি। যেগুলো বিবেচনার মাধ্যমে ফাইনাল একটা ডিসিশনে চলে যাবো।’
তাবিথ বলেছেন, ‘বাজেট হলো কী বিনিয়োগ করছেন, আর তার বিপরীতে আমরা কী পাচ্ছি। আগামী দুই বছরের ক্যালেন্ডারও আমাদের বিবেচনা করতে হবে যে, কী ধরনের টুর্নামেন্ট খেলতে যাচ্ছি, কী ধরনের দল গঠন করতে চাই। সব বিবেচনা করে যখন বিষয়গুলো কোচের সাথে চূড়ান্ত করব, তখন সম্ভবত সবার শেষে আসবে অর্থের ব্যাপারটা। সেখানে যদি বাজেটের বাইরে চলে যাই, আমি চেষ্টা করব স্পন্সরদের সাথে, সরকারের সাথে এবং সংশ্লিষ্ট দেশের দাতা সংস্থাগুলোর সাথে আলোচনা করে বিষয়টি সমাধানের জন্য।’



