ইরান যুদ্ধের পর যুক্তরাষ্ট্রের অবস্থা আগের চেয়েও খারাপ : ওবামা

Printed Edition

এনবিসি নিউজ

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধের নীতি ও পদক্ষেপের কারণে যুক্তরাষ্ট্র আগের চেয়েও বেশি শোচনীয় পরিস্থিতির মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তেহরানের বিরুদ্ধে এই যুদ্ধ পরিচালনার মূল যৌক্তিকতা নিয়ে গভীর সংশয় প্রকাশ করে মার্কিন গণমাধ্যম এনবিসি নিউজকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এই ক্ষোভ প্রকাশ করেন।

সাক্ষাৎকারে ওবামা বর্তমান যুদ্ধপরবর্তী পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘আমরা এখন একটি রক্তক্ষয়ী যুদ্ধ লড়েছি, শত শত কোটি ডলার ব্যয় করেছি এবং আমাদের সামরিক বাহিনীর ওপর বিশাল চাপ সৃষ্টি করেছি। এই যুদ্ধে বহু মানুষের জীবন গেছে। আর এখন মনে হচ্ছে আমরা যুদ্ধ শুরু করার আগে ঠিক যেখানে ছিলাম, আজ সেখানেই ফিরে এসেছি; তবে সম্ভবত আগের চেয়ে একটু বেশি খারাপ ও নাজুক অবস্থায় আছি।’ নিজের প্রেসিডেন্সিয়াল সেন্টারের উদ্বোধনের প্রাক্কালে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার সাম্প্রতিক সমঝোতা স্মারক নিয়ে কথা বলতে গিয়ে তিনি এই প্রতিক্রিয়া জানান। অবশ্য দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি সম্পাদিত হওয়ায় সন্তুষ্টি প্রকাশ করে সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমি একটি যুদ্ধবিরতি দেখতে পেয়ে অত্যন্ত আনন্দিত এবং আমি আন্তরিকভাবে আশাবাদী যে এটি স্থায়ী রূপ নেবে।’ তবে একই সাথে ওবামা স্মরণ করিয়ে দেন যে, তার নিজের প্রশাসনের আমলে সম্পাদিত ঐতিহাসিক পারমাণবিক চুক্তির অধীনে ইরান কোনো ধরনের পারমাণবিক অস্ত্র তৈরি না করার বিষয়ে একমত হয়েছিল।