বিশ্ব থ্যালাসেমিয়া দিবস পালিত

বিয়ের আগে স্বামী-স্ত্রীর রক্ত পরীক্ষা বাধ্যতামূলক করা দরকার

Printed Edition
সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালে আক্রান্ত শিশুর সাথে কথা বলেন : নয়া দিগন্ত
সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ড. এ জেড এম জাহিদ হোসেন থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতালে আক্রান্ত শিশুর সাথে কথা বলেন : নয়া দিগন্ত

নিজস্ব প্রতিবেদক

বিভিন্ন গবেষণায় উঠে এসেছে যে, বাংলাদেশে প্রতি ৯ জনের একজন থ্যালাসেমিয়া রোগের বাহক। এই হিসেবে দেশে প্রতি ১০০ জনে ৮ থেকে ১১ শিশু থ্যালাসেমিয়া রোগ নিয়ে জন্ম নেয়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সমীক্ষা অনুসারে, দেশে থ্যালাসেমিয়ার বাহক ১১.৪ শতাংশ। বংশগত এই রোগটি হলে শরীরে রক্তস্বল্পতা দেখা দেয়। এ কারণে এ ধরনের রোগীদের মাসে এক থেকে দুই ব্যাগ রক্ত গ্রহণ করে বেঁচে থাকতে হয়।

বংশগত এই রোগটি বিয়ের আগে হিমোগ্লোবিন ইলেকট্রফোরেসিস নামে একটি রক্ত পরীক্ষার মাধ্যমে সহজেই জেনে নেয়া সম্ভব যে, দম্পতি অথবা তাদের কেউ থ্যালাসেমিয়া রোগের জিন বহন করছে কি না। স্বামী-স্ত্রী দু’জনই থ্যালাসেমিয়ার বাহক হলে তাদের অনাগত সন্তান থ্যালাসেমিয়া রোগটি নিয়ে জন্ম নিতে পারে। তবে একজন থ্যালাসেমিয়া বাহক অনায়াসে আরেকজন সুস্থ মানুষকে বিয়ে করতে পারবেন। এক্ষেত্রে তাদের পরবর্তী প্রজন্ম সম্পূর্ণ সুস্থ থাকবে। তাই বিয়ের আগে থ্যালাসেমিয়া পরীক্ষা ও এ বিষয়ে সচেতনতা বাড়ানো গেলে বাংলাদেশে থ্যালাসেমিয়া প্রতিরোধ করা সম্ভব।

গতকাল শুক্রবার বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষজ্ঞরা এ তথ্য প্রদান করেন। এতে প্রধান অতিথি ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ এবং বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ডা: মো: আবুল কালাম আজাদ। এ বছরের প্রতিপাদ্য ‘আর নয় আড়ালে : শনাক্ত হোক অজানা রোগী, পাশে দাঁড়াই অবহেলিতদের’। আলোচনায় সভাপতিত্ব ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা: মনজুর মোরশেদ। আরো বক্তব্য দেন জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস অ্যান্ড ভ্যাট উইংয়ের সাবেক সদস্য ড. এস এম হুমায়ুন কবীর, বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ডা: সৈয়দা মাসুমা রহমান প্রমুখ।

ডা: জাহিদ হোসেন বলেন, বাংলাদেশে থ্যালাসেমিয়া রোগের বিস্তার ক্রমেই বেড়ে চলেছে। পৃথিবীর উন্নত দেশগুলোতে চিকিৎসার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে থ্যালাসেমিয়া প্রতিরোধ করতে পেরেছে। কিন্তু আমাদের দেশে থ্যালাসেমিয়া প্রতিরোধে এখনো কোনো গাইডলাইন নেই। বিয়ের আগে স্বামী এবং স্ত্রী দু’জনেরই থ্যালাসেমিয়া পরীক্ষা বাধ্যতামূলক করা হলে এই রোগ প্রতিরোধ করা সহজ হতো। এ জন্য আমাদের সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। সচেতনতা বৃদ্ধি করে আমাদের সমাজ থেকে থ্যালাসেমিয়া নিয়ে কুসংস্কার দূর করতে হবে। সমাজকল্যাণমন্ত্রী বলেন, বর্তমান সরকার মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। অর্থের অভাবে দেশের মানুষ চিকিৎসা পাবে না, এমন চিত্র আর থাকবে না। থ্যালাসেমিয়াসহ দেশের সার্বিক চিকিৎসাসেবা আধুনিক ও সহজলভ্য করার জন্য বর্তমান সরকার প্রতিজ্ঞাবদ্ধ। এর আগে মন্ত্রী ৫০ শয্যাবিশিষ্ট থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করেন। তিনি থ্যালাসেমিয়া রোগী ও অভিভাবকদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন।

রাজধানীর মালিবাগে বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের অধীনে ‘থ্যালাসেমিয়া ফাউন্ডেশন হাসপাতাল’ নামে ৫০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত একটি হাসপাতালে এই রোগে আক্রান্তদের সেবা দেয়া হচ্ছে। বর্তমানে এই হাসপাতালে সাড়ে আট হাজারের বেশি নিবন্ধিত থ্যালাসেমিয়া রোগী নিয়মিত চিকিৎসা নিচ্ছেন।