রয়টার্স
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ চাপিয়ে দেয়ার আগে তেল আবিব ইরাকের পশ্চিমাঞ্চলীয় মরুভূমিতে দু’টি গোপন সামরিক ফাঁড়ি বানিয়েছিল বলে খবর দিয়েছে নিউ ইয়র্ক টাইমস। রোববার এক ইরাকি কর্মকর্তা ও এক আইনপ্রণেতার বরাত দিয়ে তারা বলেছে, ইরাকি কর্মকর্তারা তাদের পশ্চিম মরুভূমিতে ইসরাইল পরিচালিত ওই দু’টি গোপন ঘাঁটি শনাক্ত করতে পেরেছিলেন।
ওই অস্থায়ী স্থাপনাগুলোর মধ্যে একটি ২০২৪ সালের শেষ দিক থেকেই ইসরাইলি সেনারা বানানো শুরু করেছিল, বলেছেন এক আঞ্চলিক কর্মকর্তা। কয়েকদিন আগে ওয়াল স্ট্রিট জার্নালের এক খবরে ইরান যুদ্ধ শুরুর আগে আগে ইসরাইল ইরাকে একটি ঘাঁটি বানিয়েছিল বলে খবর আসে। ওই ঘাঁটিটির বিষয়ে যুক্তরাষ্ট্রও অবগত ছিল বলে প্রতিবেদনে জানানো হয়।
আকাশ অভিযানের জন্য লজিস্টিক্যাল হাব হিসেবে বানানো ওই ঘাঁটিতে ভূপাতিত কোনো বিমানের পাইলটের খোঁজে পারদর্শী উদ্ধারকারীসহ বিশেষ বাহিনীর সদস্যদের রাখা হয়েছিল। মার্চের শুরুতে ঘাঁটিটির অস্তিত্ব যখন প্রায় ধরা পড়ে যাচ্ছিল সেসময় ঘাঁটির কাছে যাওয়া ইরাকি সেনাদের ওপর ইসরাইলি বাহিনী হামলাও চালিয়েছিল বলে ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানানো হয়।
ওই ঘাঁটিটি সৌদি আরবের সাথে ইরাকের সীমান্তের কাছে বানানো হয়েছিল বলে উপগ্রহের চিত্র বিশ্লেষণ করে ধারণা করেছিলেন অনেক বিশ্লেষক। ইরাকে ইসরাইলি বাহিনী মাসের পর মাস ধরে নানান কর্মকাণ্ড চালাচ্ছে বলে যে জল্পনা ছিল- ওয়াল স্ট্রিট জার্নাল ও নিউ ইয়র্ক টাইমসের খবরে তা নতুন করে সামনে এলো।
বৃহস্পতিবার ইরাকের জয়েন্ট অপারেশনসের ডেপুটি কমান্ডার লেফটেন্যান্ট-জেনারেল কায়েস আল-মুহাম্মাদাউয়ির বরাত দিয়ে রাষ্ট্র পরিচালিত ইরাকি বার্তা সংস্থা জানায়, কর্তৃপক্ষ বাগদাদের প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে, কারবালার কাছে নাজাফ মরুভূমিতে ‘সন্দেহজনক উপস্থিতি ও কার্যকলাপের’ খবর পেয়েছিল।
ওয়াল স্ট্রিট জার্নালের খবরে মার্চে ইসরাইলের বিমান বাহিনীর সাবেক প্রধান মেজর জেনারেল টমের বারের এক উদ্ধৃতিও ছাপানো হয়েছিল। বার সে সময় বলেছিলেন, ইরান যুদ্ধে ইসরাইলি বিশেষ বাহিনী ‘অনন্য’ অভিযান চালিয়েছে, যদিও সেই অভিযান কোথায় হয়েছে তা খোলাসা করেননি তিনি।
ইরাকি কর্মকর্তারা বলছেন, তাদের মরুভূমিতে বিদেশী সামরিক বাহিনীর সদস্য রাখার অনুমতি কাউকেই দেয়া হয়নি। ‘ওই স্থানে কোনো বাহিনীকে থাকতে দেয়ার অনুমতি দেয়া বা চুক্তি হয়নি,’ দিনকয়েক আগে এমনটাই বলেছিলেন আল-মুহাম্মাদাউয়ি।
মার্চের শেষে বাগদাদ সন্দেহজনক গোপন সামরিক কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত পর্যায়ে ওয়াশিংটনের কাছে প্রতিবাদ জানিয়েছিল এবং একে ইরাকি সার্বভৌমত্বের লঙ্ঘন আখ্যা দিয়েছিল বলেও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে দাবি করা হয়েছে। তবে রোববারও ইরাকের ঊর্ধ্বতন এক নিরাপত্তা কর্মকর্তা তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর কাছে ইরাকি মরুভূমিতে ইসরাইলের ঘাঁটি স্থাপনের খবর উড়িয়ে দিয়েছেন।
এর আগে মঙ্গলবার ইরাকের কারবালা অপারেশনসের কমান্ডার আলজাজিরাকে বলেছিলেন, মার্চে নাজাফ মরুভূমিতে ইসরাইলি সামরিক বাহিনীর একটি দলের উপস্থিতি শনাক্ত হয়েছিল, তবে ওই দলটি সেখানে ৪৮ ঘণ্টাও ছিল না।



