গোপালগঞ্জে ৩ জনের মৃত্যু

Printed Edition

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে দু’টি মোটরসাইকেলের সংঘর্ষে শ্যালক-দুলাভাইসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার রাতে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক মহাসড়কের চামটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

বৌলতলী তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এস আই) শামীম আল মামুন জানান, একটি মোটরসাইকেলে করে শ্যালক অচিন্ত্য কুন্ডু দুলাভাই উজ্জ্বল বাড়ৈকে নিয়ে গোপালগঞ্জের দিকে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে আসা টেকেরহাটমুখী আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অচিন্ত্য নিহত এবং উজ্জ্বল বাড়ৈ ও ফয়সাল ব্যাপারী মারাত্মক আহত হন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও আহতদের হাসপাতালে পাঠায়। তাদের মধ্যে উজ্জ্বল রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফয়সাল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ধামরাইয়ে ২ ভাই নিহত

ধামরাই( ঢাকা) সংবাদদাতা জানান, ঢাকার ধামরাইয়ে ঢাকা-আরিচা মহাসড়কে একটি নষ্ট যাত্রীবাহী বাস দেখে থামতে গিয়ে একে একে দুর্ঘটনার কবলে পড়েছে অন্তত চারটি পরিবহন। এ সময় দুই মোটরসাইকেলের পেছনে একটি বাস ধাক্কা দিলে দুই আরোহী নিহত হন। এ ঘটনায় আহত একজনের অবস্থা আশঙ্কাজনক। গতকাল সকালে মহাসড়কের ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, সকালে ইসলামপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের মূল লেনে একটি বাস নষ্ট হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল। বাসটির পেছনে থাকা একটি প্রাইভেটকার সেটি দেখে হঠাৎ ব্রেক করলে তার পেছনের একটি কাভার্ডভ্যানও ব্রেক করে। কাভার্ডভ্যানটির পেছনে ছিল দু’টি মোটরসাইকেল। এরও পেছনে থাকা স্বাধীনতা পরিবহনের একটি মিনিবাস দ্রুতগতিতে এসে মোটরসাইকেল দু’টিকে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহীরা সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দু’জনের মৃত্যু হয়।

নিহতদের কাছে থাকা পরিচয়পত্র থেকে জানা গেছে, এর মধ্যে একজন মানিকগঞ্জ দেবেন্দ্র কলেজের স্নাতকোত্তরের শিক্ষার্থী আবাস সাহা। তিনি সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার জগন্নাথ সাহার ছেলে।

অপর নিহত সুজয় সাহা মানিকগঞ্জের শিবালয় থানা এলাকার আশুতোষ সাহার ছেলে। তিনি উচ্চমাধ্যমিকের (এইচএসসি) পরীক্ষার্থী ছিলেন। তারা সম্পর্কে ফুপাতো-মামাতো ভাই।

শ্রীনগরে ২ জন নিহত

শ্রীনগর (মুন্সীগঞ্জ) সংবাদদাতা জানান, মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় যাত্রীবাহী বাসের সাথে নসিমনের সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। তারা হলেন নসিমন চালক মজনু (৩৬) ও হেলপার দুলাল মনি দাস (৪২)। শনিবার দুপুরে হাঁসাড়া-বাড়ৈখালী সড়কের লস্করপুর চকেরপাড়া নতুন রাস্তার মোড়ে এই দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ৈখালী থেকে ছেড়ে আসা বৈশাখী পরিবহনের একটি বাসের সাথে নসিমনের সংঘর্ষ হয়। এতে নসিমনের চালকসহ হেলাপার গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে দু’জনই মারা যান। চালক মজনু ফরিদপুরের বল্লব্দি এলাকার আইয়ুব আলীর ছেলে। সে বাড়ৈখালী এলাকার মদনখালীর রাসেল বাবুর বাড়ির ভাড়াটিয়া। আর দুলাল বাড়ৈখালীর শিবরামপুরের মৃত সাধন মরি দাসের ছেলে।

বড়াইগ্রামে তরুণীর মৃত্যু

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা জানান, নাটোরের বড়াইগ্রামে মোটরসাইকেলের চাকায় ওড়না পেঁঁচিয়ে মহাসড়কে ছিটকে পড়ে আন্নী খাতুন (২০) নামে এক তরুণী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। শনিবার দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সকালে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের আগ্রান সূতিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আন্নী খাতুন বড়াইগ্রাম থানার মোড় এলাকার পান বিক্রেতা আকরাম হোসেনের মেয়ে এবং জেলার গুরুদাসপুর উপজেলার ধানুড়া গ্রামের ট্রাকচালক শাকিল আহমেদের স্ত্রী।

চট্টগ্রামে নিহত ১

চট্টগ্রাম ব্যুরো জানান, চট্টগ্রাম নগরের ইপিজেড এলাকায় কনটেইনারবাহী লরির চাকায় পিষ্ট হয়ে মো: মেহেদি হাসান (২৫) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে নেভি হাসপাতাল গেটসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মেহেদি হাসান বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার বড় বাদুরা গ্রামের বাসিন্দা। তিনি নগরের সিঅ্যান্ডবি এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন।

নাটোরে স্কুলশিক্ষক নিহত

নাটোর প্রতিনিধি জানান, নাটোরে সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের নাটোর-বগুড়া মহাসড়ক (ডালসড়ক) এলাকায় বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক রমিজুল করিম নিহত হয়েছেন।

গতকাল বিকেলে উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের নাটোর-বগুড়া মহাসড়ক (ডালসড়ক) এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রমিজুল করিম সিংড়া উপজেলার কলমপুন্ডরী গ্রামের মৃত রজব আলীর ছেলে এবং কলম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এ ঘটনায় বাস জব্দ করা হলেও বাসের চালক ও হেলপার পালিয়ে গেছেন।

গোবিন্দগঞ্জে অটোচালক নিহত

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) সংবাদদাতা জানান, গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় খাজা মিয়া (৫৩) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। দুর্ঘটনায় অটোভ্যানে থাকা অপর দুই যাত্রী আহত হয়েছেন। শুক্রবার দিনগত গভীর রাতে তালুককানুপুর ইউনিয়নের জুমারঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত খাজা মিয়া উপজেলার হরিরামপুর ইউনিয়নের বাজুনিয়াপাড়া এলাকার আব্দুর রহিম ফুটুর ছেলে।