ছারছীনা শরিফের পীর মাওলানা শাহ আবু নছর নেছারুদ্দীন আহমদ হুসাইন বলেছেন, আল্লাহর সন্তুষ্টিই আমাদের জীবনের যাবতীয় সঙ্কটের সমাধানের একমাত্র মাধ্যম। আমরা বর্তমানে দুশ্চিন্তা, অভাব-অনটন এবং পারিবারিক ও সামাজিক সমস্যায় জর্জরিত; কিন্তু এসব কিছুর সমাধান রয়েছে একমাত্র মহান আল্লাহর হাতে। গত বৃহস্পতিবার কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল হারালদার দারুসসুন্নাত ছালেহীয়া দীনিয়া ও হাফেজিয়া মাদরাসা ময়দানে আয়োজিত ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ছারছীনা পীর বলেন, একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় সার্থকতা হলো আল্লাহকে খুশি করা। দুনিয়ার মানুষকে খুশি করতে গিয়ে অনেক সময় নীতি বিসর্জন দিলেও তারা পুরোপুরি সন্তুষ্ট হয় না। কিন্তু আল্লাহ এমন দয়াময় সত্তা, যিনি সামান্য ইখলাস বা নিষ্ঠার সাথে করা আমলেই খুশি হয়ে যান। তাই মানুষের মন জয় করার পেছনে না ছুটে আগে মহান আল্লাহকে রাজি-খুশি করার চেষ্টা করতে হবে। তিনি জীবনের কেন্দ্রবিন্দু পরিবর্তন করে আল্লাহমুখী হওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান।
বাদ আসর থেকে শুরু হয়ে মধ্যরাত পর্যন্ত চলা এই মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর সিনিয়র নায়েবে আমির মাওলানা হাফেজ শাহ্ আবু বকর মোহাম্মদ ছালেহ নেছারুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা মো: হেমায়েত বিন তৈয়্যেব ও মাওলানা মোহেব্বুল্লাহ আল মাহমুদ।
মাহফিলে অন্যান্যের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের অধ্যাপক ড. হাফেজ মাওলানা মো: রুহুল আমিন ও মাওলানা মো: মুনীর হোসাইনসহ স্থানীয় ওলামায়ে কেরাম ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।



