বিশ্বকাপে শুভসূচনায় চতুর্থ জয় টাইগ্রেসদের

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

ইংল্যান্ডে নারী টি-২০ বিশ্বকাপের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে হারিয়েছে বাংলাদেশ। এজবাস্টনে ডাচদের ১৩৯ রানে আটকে দিয়ে জুয়াইরিয়া ফেরদৌসের ফিফটি আর শারমিন আক্তারের অপরাজিত ৩৭ রানের ইনিংসে ৫ বল হাতে রেখে ৬ উইকেটের তুলে নেয় জ্যোতিরা। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এটি মাত্র চতুর্থ জয় বাংলাদেশের।

সময়টা ভালো যাচ্ছিল না বাংলাদেশ নারী ক্রিকেট দলের। টি-২০ বিশ্বকাপের আগে নিজেদের মাঠে শ্রীলঙ্কা সিরিজ, স্কটল্যান্ডের ত্রিদেশীয় সিরিজ এবং প্রস্তুতি ম্যাচে একের পর এক হার ছিল নিগার সুলতানা জ্যোতিদের সঙ্গী; অর্থাৎ ৯টি টি-২০ ম্যাচের সব ক’টিতে হেরেছে। অবশ্য দু’টি জয়ও ছিল। কিন্তু বিশ্বকাপ শুরু হতেই যেন বদলে গেল বাংলাদেশ। নারী টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের শুরুটা হলো দারুণ। নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসকে ৬ উইকেটে হারায় নিগার সুলতানা জ্যোতির দল।

বার্মিংহামে বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেন বোলাররা। রিতু মনি, রাবেয়া খানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩৯ রানের বেশি করতে পারেনি নেদারল্যান্ডস। ইউরোপের দলটির হয়ে এক বাবেটে দে লিডি ছাড়া আর কোনো ব্যাটার দাঁড়াতে পারেননি। ৪৫ বলে ৫ বাউন্ডারিতে ৫০ রান এনে দেন এই টপঅর্ডার। এ ছাড়া হিথার সিগারস ১৬ এবং রবিন রিজকে ও আইরিশ জিলিং করেন মসান ১৩ রান। বাংলাদেশের হয়ে ১৭ রানে ১ উইকেট নেন রিতু। ১ উইকেট নেয়ার পথে রাবেয়া দেন ২৬ রান। সবচেয়ে বেশি খরুচে ছিলেন ফারিহা তৃষ্ণা। ৩২ রানে তার শিকার ১ উইকেট। ৩১ রান খরচায় ২ উইকেট নেন মারুফা আক্তার।

১৪০ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস। কিছুটা ভাগ্যের সহায়তা পেলেও (ক্যাচ মিস ও থার্ড আম্পায়ারের ক্লোজ কল) ডাচ বোলারদের ওপর রীতিমতো তাণ্ডব চালান তিনি। মাত্র ৩৩ বলে ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৫০ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেন জুয়াইরিয়া। তাকে যোগ্য সঙ্গ দেন দিলারা আক্তার (২৬)। প্রথম উইকেটে তারা স্কোরবোর্ডে যোগ করেন ৬৭ রান।

তবে অষ্টম ওভারের শেষ দুই বলে ক্যারোলিন ডি ল্যাঞ্জ জোড়া আঘাত হানলে কিছুটা চাপে পড়ে বাংলাদেশ। প্রথমে ফিফটি করা জুয়াইরিয়া এবং পরের বলেই অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি (০) সাজঘরে ফেরেন। এরপর দিলারা ও সোবহানা মোস্তারিও (৪) দ্রুত বিদায় নিলে ৮৫ রানে ৪ উইকেট হারিয়ে ম্যাচ কিছুটা কঠিন হয়ে পড়ে।

সেখান থেকে দলের হাল ধরেন শারমিন আক্তার ও স্বর্ণা আক্তার। পঞ্চম উইকেটে এই দু’জন অবিচ্ছিন্ন ৫৬ রানের জুটি গড়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন। শারমিন ৩২ বলে ৪টি চারের সাহায্যে ৩৭ এবং স্বর্ণা ১৭ বলে ১৮ রানে অপরাজিত থাকেন। ১৯.১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৪১ রান তোলে বাংলাদেশ।

এই জয় বাংলাদেশের জন্য শুধু বিশ্বকাপের শুভসূচনা নয়, আত্মবিশ্বাসেরও বড় এক উৎস। দেশ ছাড়ার আগে অধিনায়ক নিগার সুলতানা বলেছিলেন, এবারের বিশ্বকাপে অন্তত তিনটি ম্যাচ জিততে চান তারা। সেই লক্ষ্যপূরণের পথে প্রথম ধাপটা পেরিয়ে গেছে বাংলাদেশ। এখন সামনে আরো বড় পরীক্ষা। আগামী বুধবার হেডিংলিতে শক্তিশালী অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে টাইগ্রেসরা।

সংক্ষিপ্ত স্কোর :

নেদারল্যান্ডস : ২০ ওভারে ১৩৯/৮ (ডি লিডি ৫০, সিগার্স ১৬; মারুফ ২/৩১, রিতু ১/১৭, রাবেয়া ১/২৬, সানজিদা ১/২৯, ফারিহা ১/৩২)।

বাংলাদেশ : ১৯.১ ওভারে ১৪১/৪ (জুয়াইরিয়া ৫০, শারমিন ৩৭*, দিলারা ২৬, স্বর্ণা ১৮*; ডি ল্যাঙ্গা ২/২৭)।

ফল : বাংলাদেশ ৬ উইকেটে জয়ী।

ম্যাচ সেরা : জুয়াইরিয়া ফেরদৌস।