নিজস্ব প্রতিবেদক
মিরপুরের ঐতিহাসিক শাহ আলী মাজারে কাপুরুষোচিত হামলা এবং এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যাচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেছেন, ৫ আগস্টের পটপরিবর্তনের পর সারা দেশে মাজারকেন্দ্রিক যে হামলাগুলো হয়েছে, তার পেছনে ‘ধর্মীয় উন্মাদনা’ নয়, আছে দখলদারিত্ব এবং অবৈধ অর্থের লোভ। পতিত সরকারের পৃষ্ঠপোষকতায় যারা মাজার নিয়ন্ত্রণ করত, তারা এখন নতুন শক্তি দিয়ে সেই নিয়ন্ত্রণ পুনরুদ্ধারের চেষ্টায় মাঠে নেমেছে। এই দখলের লড়াইকে সাম্প্রদায়িক রং দিয়ে প্রকৃত সত্য আড়াল করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
গতকাল এক বিবৃতিতে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, গত ১৪ মে রাতে মিরপুরের শাহ আলী মাজারে মুখোশধারী একদল সশস্ত্র দুর্বৃত্ত নারী-পুরুষ নির্বিশেষে দর্শনার্থীদের ওপর লাঠিসোটা নিয়ে অতর্কিত আক্রমণ ও লুটপাট চালিয়েছে, তা কেবল অপরাধ নয় বরং সভ্যতার বিরুদ্ধে আঘাত। এই ঘটনায় গভীর ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, পুলিশ প্রশাসনকে স্পষ্ট বলতে চাই, অবিলম্বে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে প্রকৃত অপরাধীদের আইনের কাঠগড়ায় দাঁড় করান।
মাজারের হামলার সাথে জামায়াতে ইসলামীকে জড়ানোর অপচেষ্টার কড়া জবাব দিয়ে তিনি বলেন, শাহ আলী মাজারে এই হামলার সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দূরতম সম্পর্কও নেই। কিছু সুবিধাবাদী সাংবাদিক ও ভাড়াটে বুদ্ধিজীবীরা কোনো প্রমাণ ছাড়াই জামায়াতের ঘাড়ে দায় চাপানোর চেষ্টা করছেন। এটি একটি সুপরিকল্পিত রাজনৈতিক ষড়যন্ত্র। জামায়াতে ইসলামী আইনের মাধ্যমে অন্যায়ের প্রতিকারে বিশ্বাসী।



