ক্রীড়া ডেস্ক
কাতারে ২০২২ বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচের আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে চমক জাগিয়েছিল সৌদি আরব। এবার যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডায় চলমান বিশ্বকাপে আরেকটি স্মরণীয় জয়ের সম্ভাবনা জাগিয়েও পারল না তারা। সাবেক চ্যাম্পিয়ন উরুগুয়ের জালে বল পাঠিয়েও শেষ পর্যন্ত জয় পেল না মধ্যপ্রাচ্যের দেশটি। শেষের দিকে ম্যাক্সি আরাউহোর গোলে ১-১ সমতা নিয়ে মাঠ ছাড়ে প্রথম বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।
মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে প্রতিপক্ষের চাপ সামলে দারুণ এক আক্রমণে চমকে দেয় সৌদি আরব। ‘এইচ’ গ্রুপের ম্যাচে গতকাল ৩৮ মিনিটে প্রথম গোলের সুযোগ পেলেও আল আমরির জোরাল শটটি দৃঢ়তায় রুখে দেন উরুগুয়ের গোলরক্ষক ফার্নান্দো মুসলেরা। দুই মিনিট পর দলকে আর বাঁচাতে পারেননি অভিজ্ঞ এই গোলরক্ষক। সেট পিসে ডি-বক্সে থেকে জোরাল হেড করেন হাসান আল তামবাক্তি। কোনোমতে সেটা আটকালেও বল হাতে রাখতে পারেননি গোলরক্ষক। দ্রুত গোলমুখে গিয়ে আলগা বল টোকায় জালে পাঠান আল নাসর ডিফেন্ডার আল আমরি।
বিরতির পর গোলের জন্য যেন মরিয়া হয়ে ওঠে উরুগুয়ে। একের পর এক আক্রমণের ঝড় তুললেও ফিনিশিংয়ের ব্যর্থতা জালে বল প্রবেশ করাতে ব্যর্থ হচ্ছিল দলটি। ৬০ মিনিটে অসাধারণ এক সেভ করেন সৌদি গোলরক্ষক। দূর থেকে নেয়া মানুয়েল উগার্তের শট ঝাঁপিয়ে কোনোমতে বলে হাত ছোঁয়ালে পোস্টে লেগে ফিরে আসে বল। অনেক চেষ্টা পর অবশেষে ম্যাচের ৮০ মিনিটে গোলের দেখা পায় উরুগুয়ে। ফেদেরিকো ভিনাসের হেড গোলরক্ষক আটকালেও দলকে পুরোপুরি বিপদমুক্ত করতে পারেননি। বল চলে যায় ডি-বক্সে বাঁ দিকে মাক্সি আরাউহোর পায়ে। দুরূহ কোণ থেকে জোরাল শটে ঠিকানা খুঁজে নেন এই লেফট-ব্যাক। শেষ পর্যন্ত ওই গোলের সুবাদেই হার এড়িয়ে ১ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে উরুগুয়ে।


