ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠি সদর উপজেলার বাসিন্দা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) তৃণমূল কর্মী মো: এমরাজ হাওলাদারের স্থায়ী কর্মসংস্থানের ব্যবস্থা করে দিয়েছেন ঝালকাঠি জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। গত শনিবার রাত ৮টায় শহরের মহিলা কলেজ রোড এলাকায় তিনি এমরাজের হাতে একটি ব্যাটারিচালিত অটোরিকশা তুলে দেন।
অটোরিকশা হস্তান্তরকালে অ্যাডভোকেট শাহাদাত হোসেন বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় ত্যাগী ও লড়াকু কর্মীদের মূল্যায়ন করে। দলের প্রতিটি কর্মীর সুখে-দুঃখে পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। আগামীতেও দলের তৃণমূল কর্মীদের যেকোনো প্রয়োজনে আমরা সর্বদা পাশে থাকবো এবং তাদের আত্মনির্ভরশীল করতে সাহায্য করব।
উপহার হিসেবে অটোরিকশা পেয়ে এমরাজ হাওলাদার আবেগাপ্লুত হয়ে পড়েন এবং জেলা বিএনপির সদস্য সচিবের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় অন্যান্যের মধ্যে ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (দফতরের দায়িত্বে) অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা বাস শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি আ: রাজ্জাক রনি এবং জেলা তাঁতিদলের সভাপতি বাচ্চু হাসান খানসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।



