অ্যানচেলোত্তির বিশ্বকাপ দলে নেইমার

Printed Edition

ক্রীড়া ডেস্ক

রিও ডি জেনেইরোতে বিশ্বকাপের জন্য গত পরশু ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করলেন কোচ কার্লো অ্যানচেলোত্তি। যেখানে স্কোয়াড ঘোষণা করলেন, বড় পর্দা ছিল সেই আঙিনাতে। নেইমার জুনিয়রের নাম উচ্চারিত হতেই শুরু হলো হুল্লোড়। এতে কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হয়েছিল কোচকে। বিশ্বকাপ স্কোয়াডে ব্রাজিলের সর্বকালের সেরা গোলস্কোরারকে পেতে ভক্তদের কতটা তীব্র আকাক্সক্ষা ও আবেগ ছিল, তা ফুটে উঠেছে এসবে।

চতুর্থবারের মতো বিশ্বকাপ খেলতে যাচ্ছেন নেইমার। সর্বশেষ ব্রাজিলের হয়ে ২০২৩ সালের অক্টোবরে খেলেছেন সান্তোসের এই ফরোয়ার্ড। তবে চূড়ান্ত দল ঘোষণার আগে কিছু পজিশন নিয়ে অনিশ্চয়তা থাকলেও ইতালিয়ান এই কোচ ভরসা রেখেছেন পরীক্ষিত ও নির্ভরযোগ্য খেলোয়াড়দের ওপর। সে তালিকার সবচেয়ে বড় নাম নিঃসন্দেহে ১০ নম্বর জার্সিধারী নেইমার।

অ্যানচেলোত্তি অবশ্য বেশ আগেই বলেছিলেন, নেইমারকে নেয়ার ক্ষেত্রে লোকের চাওয়ার কথাকে বিবেচনা করবেন না তিনি। কোচ সবসময়ই বলে আসছিলেন, ফিটনেস শতভাগ থাকলেই ৩৪ বছর বয়সী তারকাকে দলে নেবেন তিনি। দল ঘোষণার পরও কোচ বললেন ফিটনেসের কথাই। পাশাপাশি তিনি ভরসা রাখছেন তিনটি বিশ্বকাপ খেলা তারকার অভিজ্ঞতায়ও।

অ্যানচলোত্তি বলেন, ‘সে তার ফিটনেস উন্নত করেছে। এই বিশ্বকাপে দলের একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হবে। বিশ্বকাপের প্রথম ম্যাচের আগে পর্যন্ত সে ফিটনেসে আরো উন্নতি করতে পারে। এই ধরনের প্রতিযোগিতায় তার অভিজ্ঞতা আছে, আমাদের দলের ভালোবাসা আছে তার প্রতি। সে এই দলে আরো ভালো আবহ তৈরি করতে পারবে।’

আগামী ১১ জুন মেক্সিকোর এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে বিশ্বকাপ ফুটবলের। ১৩ জুন মরক্কোর বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপে যাত্রা শুরু হবে ব্রাজিলের। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ হাইতি ও স্কটল্যান্ড।

ব্রাজিলের বিশ্বকাপ দল : গোলরক্ষক- আলিসন, এডেরসন, ওয়েভারটন; ডিফেন্ডার- অ্যালেক্স সান্দ্রো, লিও পেরেইরা, মারকুইনহোস, দানিলো, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালহাস, ব্রেমার, ইবানেজ ও ওয়েসলি ফ্রাঙ্কা; মিডফিল্ডার- ক্যাসেমিরো, ফ্যাবিনহো, ব্রুনো গুইমারেস, লুকাস পাকেতা ও দানিলো; ফরোয়ার্ড- নেইমার, রাফিনহা, ভিনিসিয়াস জুনিয়র, ম্যাথিউস কুনহা, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, ইগর থিয়াগো, লুইজ হেনরিক, এন্ড্রিক ও রায়ান।