নয়া দিগন্ত ডেস্ক
নেত্রকোনায় পৃথক বজ্রপাতের ঘটনায় এক কৃষকসহ দুজন নিহত হয়েছেন। এ ছাড়া ময়মনসিংহের ভালুকায় মারা গেছে এক কিশোর।
নেত্রকোনা প্রতিনিধি জানান, নেত্রকোনায় বজ্রপাতে পৃথক স্থানে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। রোববার সকালে বৃষ্টি চলাকালে নেত্রকোনা সদর উপজেলার আমতলা ইউনিয়নের সাপমারা গ্রামের কৃষক জামাল মুন্সি (৫৫) বজ্রপাতে মারা যান। অপর দিকে একই সময় সদর উপজেলার কাইলাটী ইউনিয়নের কুতুবপুর গ্রামের সিএনজি চালক সবুজ মিয়া (৫৩) মারা যান। দাফন কাফনের জন্য জেলা প্রশাসকের ত্রাণ তহবিল থেকে ওই দুই পরিবারকে ২০ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়েছে।
নেত্রকোনা মডেল থানার ওসি আল-মামুন সরকার জানান, বজ্রপাতে সদর উপজেলায় দুই ব্যক্তির মৃত্যুর ঘটনায় ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।
ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা জানান, ময়মনসিংহের ভালুকায় বজ্রপাতে ফয়সাল আহাম্মেদ নামে এক কিশোর নিহত হয়েছে। পৌরসভার মেঘার মাঠে গতকাল দুপুরে এ ঘটনা ঘটে।
জানা গেছে, মুক্তাগাছা উপজেলার বেনীপুর গ্রামের নিজাম উদ্দিনের ছেলে ফয়সাল আহাম্মেদ (১৪) ভালুকা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের টিঅ্যান্ডটি রোড এলাকায় পরিবারের সাথে ভাড়া বাসায় বসবাস ও ভাঙ্গারি ব্যবসা করতেন। গতকাল দুপুরে বৃষ্টির মধ্যে মেঘার মাঠ হয়ে বাসায় ফেরার পথে হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।



