বনাঞ্চল ধ্বংস করে কারখানার উদ্যোগ নেয়া ব্যক্তি আমাদের পরিবেশমন্ত্রী : আসিফ মাহমুদ

Printed Edition

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বনাঞ্চল ধ্বংস করে শিল্প কারখানা করার উদ্যোগ নেয়া ব্যক্তি আমাদের পরিবেশ মন্ত্রী। তাহলে আগামী পাঁচ বছরে পরিবেশের কী অবস্থা হবে তা এখান থেকেই অনুমান করা যায়।

গতকাল শনিবার রাজধানীর বাংলামোটরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এনসিপি ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে বৃক্ষ বিতরণ ও সপ্তাহব্যাপী কর্মসূচি উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় রাজনৈতিক দল হিসেবে বড় কিছু করার সুযোগ না থাকলেও পরিবেশ বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যেই এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি ।

আসিফ মাহমুদ বলেন, সরকারের পলিসিতে পরিবেশ প্রায়োরিটিতে নাই। এই সরকার কাজ না করলে, পাঁচ বছর পর যারা ক্ষমতায় আসবে এটা তাদের জন্য আরো ক্ষতি হয়ে যাবে।

তিনি অভিযোগ করেন, সিটি করপোরেশনের প্রশাসকরা বিভিন্ন জায়গায় গিয়ে বলেন, তাদের ভোট দিলে পরিবেশের জন্য কাজ করবেন। নির্বাচন কবে হবে এরই ঠিক নেই। কিন্তু তারা এখন পদে থেকেও কেন কাজ করছেন না? পরে তিনি সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ, বৃক্ষ বিতরণ, সেমিনার ও আলোচনা সভার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন। একই সাথে পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বাড়াতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। এ সময় দল থেকে সপ্তাহব্যাপী ঢাকার ২০টি স্কুলে ২০০ গাছ বিতরণ ও রোপণের উদ্যোগের কথা জানানো হয়।