চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেড বেপজা অর্থনৈতিক অঞ্চল, মিরসরাই, চট্টগ্রামে টেক্সটাইল পণ্য উৎপাদন কারখানা স্থাপন করতে ৩০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করতে যাচ্ছে। সম্প্রতি ঢাকার বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) এবং হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেডের মধ্যে একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো: তানভীর হোসেন এবং হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মি. বিন ওয়াং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটিতে স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো: খুরশিদ আলম, নির্বাহী পরিচালক (প্রশাসন) সমীর বিশ্বাস, বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক, নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



