নিজস্ব প্রতিবেদক
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ এমপি বলেছেন, হাসিনা আমারে যাবজ্জীবন সাজা দিছে আর আমার আল্লাহ আমারে মন্ত্রী বানাইছে। আমার আল্লাহ যা চান তাই হয়। গত এক যুগে আপনারা কি চিন্তা করছিলেন আমি আবার দেশে আসতে পারব? আবার নির্বাচন করব? এমপি হবো! মন্ত্রী হবো? আমারে তো নির্বাচন যাতে করতে না পারি সে জন্য মামলাও দিছে। আমার আল্লাহ সব ষড়যন্ত্র শেষ করে দিয়ে আমারে আপনাদের ভোটে এমপি বানাইছে। ‘তারেক রহমান সাহেবরে দিয়ে মন্ত্রী বানাইছে’।
গতকাল কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা থানার পূর্বধৈইর পশ্চিম ইউনিয়নের মালিপাড়ায় মসজিদুল কু’বা উদ্বাধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। সৌদি আরব প্রবাসী মামুন সরকারের উদ্যোগে মসজিদটি নির্মাণ করা হয়।
ধর্মমন্ত্রী বলেন, মাদক, জুয়া, চাঁদাবাজি হলো সমাজের ব্যাধি। প্রশাসন ইতোমধ্যে মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে অনেককে আটক করেছে। অভিযান চলবে! যে দল-মতেরই হোক না কেন মাদককারবারি, চাঁদাবাজদের কোনো রক্ষা নাই।
একই দিন সকালে ধর্মমন্ত্রী মুরাদনগর উপজেলা পরিষদে কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি বিতরণ করেন। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কৃষিবান্ধব সরকার। দায়িত্ব গ্রহণের পর থেকে কৃষি ও কৃষকের উন্নয়নে কৃষক কার্ড-সহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছেন। তিনি আরো বলেন, দেশের প্রতিটি কৃষকের হাতে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। পর্যায়ক্রমে সেটাও বাস্তবায়ন করা হবে। এ সময় তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের পরে সারা দেশে ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিতদের সম্মানি ভাতা চালু করেছেন। ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছেন। উনার সরকার জনগণের সরকার। এই সরকার জনগণের কল্যাণে কাজ করছে এবং করে যাবে।
বিকেলে মুরাদনগর উপজেলা পরিষদের সামনে পাঁচ বছরে পাঁচ কোটি বৃক্ষরাপণ কর্মসূচি বাস্তবায়ন উদ্বোধন করেন ধর্মমন্ত্রী। অনুষ্ঠানগুলোতে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) এ কে এম কামরুজ্জামানসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।
তারেক রহমানের সরকার কৃষি ও কৃষকবান্ধব সরকার : ধর্মমন্ত্রী
মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা জানান, জনগনের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কৃষিবান্ধব সরকার। দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি কৃষি ও কৃষকের উন্নয়নে কৃষক কার্ডসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছেন বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। গতকাল শুক্রবার দুপুরে কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদে কৃষকদের মধ্যে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ধর্মমন্ত্রী বলেন, দেশের প্রতিটি কৃষকের হাতে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। পর্যায়ক্রমে সেটাও বাস্তবায়ন করা হবে। এ সময় তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী ক্ষমতা গ্রহণের পরে সারা দেশে ইমাম মোয়াজ্জিন পুরোহিতদের সম্মানি ভাতা চালু করেছেন। ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছেন। এই সরকার জনগণের কল্যাণে কাজ করছে এবং করে যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) এ কে এম কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ার হোসেন, বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিউল আলম।
কৃষি সম্প্রসারণ অধিদফতরের কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নে ৯টি বেড প্ল্যান্টার, ১৭টি ধান কর্তন যন্ত্র, ৯টি ভূট্টা মাড়াই যন্ত্র, ২০টি সেচ পাম্প, ২০টি ধান মাড়াই যন্ত্রসহ মোট ১৬৭টি উপকরণ মুরাদনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গঠিত ব্লক পর্যায়ে কৃষকদের মধ্যে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এ ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা সামগ্রী ও বিশুদ্ধ পানির উপকরণ বিতরণ করা হয়।



