শরীরে প্রোটিনের ঘাটতির লক্ষণ

Printed Edition

আমাদের শরীর সুস্থ রাখতে, পেশি গঠন, ত্বক ও চুল ভালো রাখা, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোসহ সব ক্ষেত্রেই প্রোটিন কাজ করে। তবে নানা কারণে শরীরে প্রোটিনের ঘাটতি দেখা দিতে পারে। ফলে শরীর ধীরে ধীরে কিছু সঙ্কেত দিতে শুরু করে, যেমন-

সবসময় ক্লান্ত লাগা : অনেকেই মনে করেন ক্লান্তি শুধু কম ঘুম বা বেশি কাজের কারণে হয়। কিন্তু পর্যাপ্ত বিশ্রাম নেয়ার পরও সারাদিন দুর্বল লাগলে, কাজে মন না বসলে বা সামান্য কাজেই হাঁপিয়ে গেলে তা প্রোটিনের ঘাটতির লক্ষণ হতে পারে।

চুল পড়া ও ত্বকের সমস্যা : হঠাৎ অতিরিক্ত চুল পড়া বা রুক্ষ হয়ে যাওয়া, নখ ভেঙে যাওয়া বা ত্বক শুষ্ক হয়ে পড়াও প্রোটিনের অভাবের ইঙ্গিত হতে পারে।

পেশি দুর্বল : পর্যাপ্ত প্রোটিন না থাকলে শরীর শক্তির জন্য নিজের পেশি ভাঙতে শুরু করে। ফলে হাত-পায়ে জোর কমে যায়, শরীর দুর্বল লাগে এবং ধীরে ধীরে ওজন কমতে পারে। অনেক সময় সিঁড়ি ওঠা, দীর্ঘক্ষণ হাঁটা বা ভারী কিছু তুলতেও কষ্ট হয়।

শরীরে ফোলা ভাব : অনেক সময় হাত, পা বা মুখ হঠাৎ ফুলে গেলে এটি রক্তে অ্যালবুমিন নামের এক ধরনের প্রোটিন কমে যাওয়ার লক্ষণ হতে পারে।

বারবার অসুস্থ : ঘন ঘন সর্দি-কাশি হওয়া, সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়া বা শরীরের ক্ষত শুকাতে বেশি সময় লাগলে বুঝতে হবে প্রোটিনের অভাবের লক্ষণ হতে পারে।