নয়া দিগন্ত ডেস্ক
চট্টগ্রামের পটিয়ায় একজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। টাঙ্গাইলের মধুপুরে নিজ বাড়িতে এক বৃদ্ধকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। অন্য দিকে তিন জেলায় এক স্কুল ছাত্রসহ তিনজনের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পটিয়া-চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা জানান, চট্টগ্রামের পটিয়ায় মো: তোহা মুন্সি (৪৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় পুলিশ আনোয়ার হোসেন (২৯) নামে একজনকে গ্রেফতার করেছে। ৩১ জুলাই গভীর রাতে উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মোনাফ হাজীপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত তোহা পটিয়া মুন্সি সমিতির সাধারণ সম্পাদক এবং ওই এলাকার মৃত আবুল বশরের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে নিজ বাড়ির সামনে মো: আনোয়ার নামের এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তার কাছে জানতে চান- তার গাছের কলা কে চুরি করেছে? এতে সে ক্ষিপ্ত হয়ে তোহার সাথে বাগি¦তণ্ডা শুরু করে। এ সময় আনোয়ারের পরিবারের বেশ কয়েক লাঠিসোটা নিয়ে তোহা মুন্সিকে এলোপাতাড়ি পেটানো শুরু করে। একপর্যায়ে তোহা মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে পটিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তোহাকে মৃত ঘোষণা করেন। পটিয়া থানার পুলিশ পরিদর্শক মো: জিয়াউল হক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে সবাই পালিয়ে গেলেও আনোয়ার নামে একজনকে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি জানান, ঘটনার সাথে জড়িত অন্যান্য সহযোগীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
মধুপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জানান, টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ি ইউনিয়নের দিঘিরপাড় এলাকায় নিজ বাড়ি থেকে জালেমন (৬৫) নামে এক বৃদ্ধার রক্তাক্ত গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাতে এ ঘটনার জানাজানি হয়। নিহত জালেমন উপজেলার শোলাকুড়ি দিঘিরপাড় এলাকার মৃত আইজউদ্দিনের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় তিনি নিজ ঘরে একা ছিলেন। এ সুযোগে কে বা কারা ঘরে প্রবেশ করে তাকে হত্যা করে পালিয়ে যায়।
স্থানীয় রাতুল মুন্সি জানান, শুক্রবার রাতে প্রতিবেশীরা জালেমনের ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার করেছে। অরনখোলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোহাম্মদ রুবেল জানান, ঘটনাটি হত্যাকাণ্ড হিসেবে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক জানান, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। তিনি বলেন, ঘটনাটি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
মনোহরদী (নরসিংদী) সংবাদদাতা জানান, নরসিংদীর মনোহরদীতে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লাঠির আঘাতে মিজান মিয়া (৪৫) নামে এক স্বেচ্ছাসেবক দলের নেতার মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নের বড়চাপা পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিজান মিয়া বড়চাপা ইউনিয়নের বড়চাপা পূর্বপাড়ার সফুর উদ্দিনের ছেলে। তিনি ওই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ছিলেন। নিহতের স্বজনরা জানায়, বড়চাপা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বড়চাপা পূর্বপাড়ার মিজান ও চাচা শহীদুল্লাহর বাড়ির পাশের একটি রাস্তা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে একাধিকবার সালিশ দরবার হলেও শহীদুল্লাহ তা মেনে নেয়নি। শনিবার দুপুরে রাস্তায় থাকা একটি গাছ মিজান কাটতে গেলে উভয়পক্ষের মধ্যে তর্কাতর্কি শুরু হয়। এ সময় শহীদুল্লাহ এর ছেলে জীবন লাঠি নিয়ে এসে মিজানকে মাথায় আঘাত করে। এতে মিজান মাটিতে লুটিয়ে পড়লে তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: খন্দকার আনিসুর রহমান বলেন, দুপুরে মিজানকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছে। মৃত্যুর কারণ ময়নাতদন্তের রিপোর্ট আসার পর বলা যাবে। মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, চাচা ভাতিজার জমিসংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।
মোরেলগঞ্জ (বাগেরহাট) সংবাদদাতা জানান, বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া গ্রামে জাহিদুল ইসলাম (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করছে পুলিশ। শনিবার ভোরে রাস্তার পাশের একটি মেহগনি গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়। সে এ গ্রামের জনৈক মনিরুল ইসলামের ছোট ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বাড়ি থেকে প্রায় ৬০০ গজ দূরে রাস্তা পাশে একটি মেহগনি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় জাহিদুল ইসলামের লাশ দেখতে পান এক নারী। তিনি বিষয়টি আশপাশের লোকজন অবহিত করেন। এ সময় খবর পেয়ে যুবকের আত্মীয়স্বজনসহ শত শত লোক জড়ো হয়। স্থানীয় চৌকিদারের মাধ্যমে খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করে।
মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুর রহমান জানান, এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনই নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
আশুলিয়া (ঢাকা) সংবাদদাতা জানান, বন্ধুদের সাথে গোসলে নেমে ঢাকার আশুলিয়ায় ধলেশ্বরী নদীর শাখা খালে পড়ে নিখোঁজ হওয়ার ৩ ঘণ্টা পর তাওহীদ (১৪) নামের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার আশুলিয়ার গাজীবাড়ি (শামেরটেক) ছোটব্রিজের নিচ থেকে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে। এর আগে, সকাল সাড়ে ৯টার দিকে বন্ধুদের সাথে ওই খালে গোসল করতে নেমে নিখোঁজ হয় সে। নিহত তাওহীদ আশুলিয়ার গাজীবাড়ি উত্তরপাড়া এলাকার নাসির উদ্দিনের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
হ্নস্থানীয়রা জানায়, সকালে একটি ফুটবল নিয়ে বন্ধুদের সাথে গোসল করতে যায় তাওহীদ। গোসলে নেমে ফুটবল নিয়ে খেলা করে তারা। এ সময় হঠাৎ সে পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে উদ্ধারের চেষ্টা চালায় এবং ফায়ারসার্ভিসে খবর দেয়। পরে প্রায় ৩ ঘণ্টা চেষ্টার পর স্থানীয়রা তার লাশ উদ্ধার করে।
উলিপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, কুড়িগ্রামের উলিপুরে সড়ক দুর্ঘটনায় হামিদুল ইসলাম বাবু (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার তবকপুর ইউনিয়নের নিরাশীর পাথার এলাকায় উলিপুর-চিলমারী সড়ক থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত হামিদুল ইসলাম বাবু উপজেলার পশ্চিম সাদুল্লা গ্রামের বাসিন্দা। তিনি মোহাম্মদ জোবেদ আলীর ছেলে।
পুলিশ জানায়, শুক্রবার রাত ৯টা থেকে শনিবার সকাল ৬টার মধ্যে যেকোনো সময় দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো যানবাহনের ধাক্কায় তিনি গুরুতর আহত হয়ে মারা যান। তার মাথা, চোখ ও কানে আঘাতের চিহ্ন রয়েছে।



