মূল্যস্ফীতির মাথাচাড়া এপ্রিলে ৯.০৪ শতাংশ

খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার ৯.৫৭ শতাংশ

Printed Edition

বিশেষ সংবাদদাতা

বাংলাদেশে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতির হার এপ্রিল মাসে আবারো ঊর্ধ্বমুখী প্রবণতায় মাথাচাড়া দিয়েছে। চলতি বছরের এপ্রিলে মূল্যস্ফীতির হার বেড়ে ৯.০৪ শতাংশে উন্নীত হয়েছে বলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) হালনাগাদ এই তথ্য বুধবার প্রকাশ করেছে। মার্চে মূল্যস্ফীতির হার ছিল ৮.৭১ শতাংশ। তবে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার সর্বোচ্চ ৯.৫৭ শতাংশে পৌঁছেছে। কিছুটা হলেও মজুরি হার বেড়েছে বলে বিবিএসের তথ্যে প্রকাশ করা হয়েছে।

বিবিএসের প্রকাশিত তথ্য থেকে জানা গেছে, গত ২০২৫ সালে দেশে মূল্যস্ফীতির হার একই সময়ে ৯ শতাংশের বেশি ছিল। হালনাগাদ এপ্রিলের তথ্য মতে, এখন সে পথেই যাচ্ছে মূল্যস্ফীতির হার। খাদ্য খাতে মূল্যস্ফীতির হার জাতীয়ভাবে পয়েন্ট টু পয়েন্ট ভিত্তিতে মার্চের তুলনায় বেড়ে ৮.৩৯ শতাংশ হয়েছে। মার্চে ছিল ৮.২৪ শতাংশ, যা ২০২৫ সালের এপ্রিলে ছিল ৮.৬৩ শতাংশ। আর খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার মার্চের ৯.০৯ শতাংশ থেকে বেড়ে এপ্রিলে হয়েছে ৯.৫৭ শতাংশ, যা ২০২৫ সালের এপ্রিলে ছিল ৯.৬১ শতাংশ।

গ্রামের মানুষও মূল্যস্ফীতির চাপে

খাদ্যশস্য উৎপাদনকারী গ্রামের সাধারণ কৃষকও ভালো নেই। মূল্যস্ফীতির চাপে তারাও পিষ্ট হচ্ছেন। গ্রামেও মূল্যস্ফীতির হার বেড়ে জাতীয়কে অতিক্রম করেছে। এপ্রিলে মূল্যস্ফীতির হার বেড়ে ৯.০৫ শতাংশে উন্নীত হয়েছে। যেখানে আগের মাস মার্চে ছিল ৮.৭২ শতাংশ আর গত ২০২৫ সালের এপ্রিলে ছিল ৯.১৫ শতাংশ। খাদ্য খাতে মূল্যস্ফীতির হার মার্চের ৮.০২ শতাংশ থেকে বেড়ে এপ্রিলে ৮.২৩ শতাংশে উন্নীত হয়েছে, যা ২০২৫ সালের এপ্রিলে ছিল ৮.৪০ শতাংশ। আর খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতি এখন সর্বোচ্চ ৯.৮১ শতাংশ, যা মার্চ মাসে ছিল ৯.৩৮ শতাংশ। ২০২৫ সালের এপ্রিলে এই হার ছিল ৯.৮৬ শতাংশ বলে বিবিএসের তথ্য থেকে জানা গেছে।

শহরের মানুষও মূল্যস্ফীতির জাঁতায়

মূল্যস্ফীতি বৃদ্ধির জাঁতায় রয়েছে শহরের মানুষগুলোও। এপ্রিল মাসে শহরে মূল্যস্ফীতির হার ছিল ৯.০২ শতাংশ। যা গত মার্চে ছিল ৮.৬৮ শতাংশ এবং ২০২৫ সালের এপ্রিলে ছিল ৯.৫৯ শতাংশ। খাদ্য খাতে মূল্যস্ফীতির হার এপ্রিলে বেড়ে হয়েছে ৮.৮১ শতাংশ। যা মার্চে ছিল ৮.৭৮ শতাংশ। ২০২৫ সালের এপ্রিলে ছিল ৯.১৩ শতাংশ। অন্য দিকে, খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার বেড়ে এপ্রিলে ৯.১৫ শতাংশ হয়েছে। যেখানে মার্চে ছিল ৮.৬২ শতাংশ। গত ২০২৫ সালের এপ্রিলে এই হার ছিল ৯.৮৮ শতাংশ বলে বিবিএস জানায়।

মজুরি সূচকে কিছুটা উন্নতি

বিবিএসের হালনাগাদ তথ্যানুযায়ী, চলতি বছর এপ্রিল মাসে জাতীয় পর্যায়ে মজুরি হার (সাধারণ) কিছুটা বেড়ে ৮.১৬ শতাংশ হয়েছে। তবে এই মজুরি হার মূল্যস্ফীতির হারের নিচেই চাপা পড়ে আছে। মার্চ মাসে এই হার ছিল ৮.০৯ শতাংশ। আর ২০২৫ সালের এপ্রিল মাসে ছিল ৮.১৯ শতাংশ।

এ দিকে এপ্রিলে তিনটি বৃহৎ খাতে কৃষি, শিল্প এবং সেবা খাতে মজুরি হার পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে বেেেড়ছ। কৃষি খাতে ৮.১৯ শতাংশ, শিল্প খাতে ৮.০৯ শতাংশ এবং সেবা খাতে ৮.৩১ শতাংশ হয়েছে। যা চলতি বছর মার্চ মাসে ছিল কৃষিতে ৮.১১ শতাংশ, শিল্পে ৮.০২ শতাংশ এবং সেবা খাতে ৮.২৩ শতাংশ। অন্য দিকে ২০২৫ সালের এপ্রিল মাসের তুলনায় অনেক কমেছে। গত বছর ছিল কৃষিতে ৮.৪০ শতাংশ, শিল্পে ৭.৮৭ শতাংশ ও সেবা খাতে ৮.৪২ শতাংশ।

পরিসংখ্যান ব্যুরো বলছে, দেশের ৬৪টি জেলা হতে নির্ধারিত সময়ে এপ্রিল ২০২৬ মাসের তথ্য-উপাত্ত সংগ্রহপূর্বক প্রাপ্ত উপাত্ত বিশ্লেষণ করে এপ্রিল ২০২৬ মাসের মজুরি হার সূচক প্রস্তুত করা হয়েছে। এপ্রিল ২০২৬ এ মজুরি হার সূচক সাধারণ/জাতীয়পর্যায়ে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে শতকরা ৮.১৬ ভাগ নিরূপিত হয়েছে।