রেলপথের সম্ভাব্যতা যাচাই

রেল সচিব, ডিজিসহ শীর্ষ কর্মকর্তাদের নিয়ে জাফলংয়ে মন্ত্রী আরিফুল হক

Printed Edition
সিলেটের সাথে রেলপথের সম্ভাব্যতা যাচাইয়ে জাফলংয়ে যান মন্ত্রী আরিফুল হক চৌধুরী : নয়া দিগন্ত
সিলেটের সাথে রেলপথের সম্ভাব্যতা যাচাইয়ে জাফলংয়ে যান মন্ত্রী আরিফুল হক চৌধুরী : নয়া দিগন্ত

সিলেট ব্যুরো

সিলেট থেকে জাফলং পর্যন্ত রেলপথ নির্মাণের প্রাথমিক প্রস্তুতি ও সম্ভাব্যতা যাচাইয়ের জন্য রেল সচিব, রেলওয়ের মহাপরিচালকসহ শীর্ষস্থানীয় কর্মকর্তাদের নিয়ে সিলেটে এসেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

গতকাল শনিবার দুপুরে ট্রেনে করে সিলেট আসেন তিনি। এরপর বাসে করে রেলওয়ে মন্ত্রণালয়ের সচিব মো: ফাহিমুল ইসলাম, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: আব্দুর রহমান এবং রেলওয়ের মহাপরিচালক মো: আফজাল হোসেনকে নিয়ে জাফলংয়ের পথে রওয়ানা দেন সিলেট-৪ আসনের এই সংসদ সদস্য। পরিদর্শনকালে তারা জাফলং পর্যন্ত ট্রেন লাইন চালুর সম্ভাব্যতা যাছাই করেন বলে জানা গেছে।

সম্প্রতি সিলেটে এক অনুষ্ঠানে অংশ নিয়ে প্রবাসীকল্যাণমন্ত্রী সিলেট থেকে গোয়াইনঘাটের জাফলং পর্যন্ত ট্রেন লাইন চালুর উদ্যোগের কথা জানান। সেদিন তিনি জানিয়েছিলেন রেলওয়ের প্রকৌশলীরা সিলেট এসে এর সম্ভাব্যতা যাছাই করবেন। এরপর ফিজিবিলিটি স্টাডি হবে। মন্ত্রী সেদিন আরো বলেছিলেন, সিলেট থেকে জাফলং পর্যন্ত ওয়াগন (ট্রেনের পণ্যবাহী কোচ) চালু হলে জাফলং -সিলেট রুটে সহজে ও কম খরচে পণ্য আনা নেয়া করা যাবে। এ ছাড়া পর্যটকসহ যাত্রীরা সহজে যাতায়াত করতে পারবেন।

এ দিকে, ট্রেনে করে সিলেট আসার সময় মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও ভানুগাছ রেলওয়ে স্টেশন পরিদর্শন করেন আরিফুল হক চৌধুরী। বেলা ১১টার দিকে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেনটি মৌলভীবাজারের শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনে পৌঁছালে স্টেশনটি পরিদর্শন করা হয়। পরে কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনে ট্রেনটি কিছু সময় দাঁড়ালে মন্ত্রী ও সফররত উচ্চপদস্থ কর্মকর্তারা ট্রেনের দরজায় দাঁড়িয়ে স্থানীয় সাধারণ মানুষের কাছ থেকে রেলওয়ের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং তা দ্রুত সমাধানের আশ্বাস দেন।