গণমাধ্যমে পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে : তথ্যমন্ত্রী

Printed Edition
তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন প্রতিনিধিরা সাক্ষাৎ করেন : পিআইডি
তথ্য মন্ত্রী জহির উদ্দিন স্বপনের সাথে ব্রডকাস্ট জার্নালিস্ট অ্যাসোসিয়েশন প্রতিনিধিরা সাক্ষাৎ করেন : পিআইডি

নয়া দিগন্ত ডেস্ক

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যমে প্রকৃত পেশাদারত্ব নিশ্চিত করা গেলেই এই খাতের বিদ্যমান অনেক সমস্যার সমাধান স্বয়ংক্রিয়ভাবে হয়ে যাবে।

তথ্যমন্ত্রী আরো বলেন, সরকার জনগণকে অবাধ ও সঠিক তথ্য সরবরাহের নিশ্চয়তা দিতে এবং অপতথ্য থেকে সুরক্ষা দিতে বদ্ধপরিকর। গতকাল বুধবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের (বিজেসি) প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এ কথা বলেন।

সাক্ষাতে প্রতিনিধিদলটি ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মন্ত্রীর কাছে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করে।

বর্তমান সময়ের চ্যালেঞ্জ তুলে ধরে তথ্যমন্ত্রী বলেন, আমাদের পলিসি হচ্ছে অ্যানালগ কিন্তু চ্যালেঞ্জ হচ্ছে ডিজিটাল। ডিজিটাল যুগের দ্রুত পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নিতে প্রচলিত নীতিমালার আধুনিকায়ন প্রয়োজন। সরকার কোনো কিছু চাপিয়ে না দিয়ে বরং ‘ফেসিলিটেটর’ বা সহায়ক হিসেবে ভূমিকা পালন করতে চায়।

তিনি বলেন, গণমাধ্যম সংশ্লিষ্ট বিভিন্ন সমস্যার স্থায়ী ও টেকসই সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষের মতামতের ভিত্তিতে একটি ‘গণমাধ্যম কমিশন’ গঠন করা হবে।

তবে এক্ষেত্রে গণমাধ্যম সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে সুস্থ ঐকমত্যের ওপর বিশেষ গুরুত্ব দেন তিনি।

মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, অংশীজনদের গঠনমূলক পরামর্শ এই কমিশনকে কার্যকর করতে সহায়ক হবে। প্রতিনিধিদলের নেতারা ব্রডকাস্ট মিডিয়ার ডিজিটালাইজেশনের প্রয়োজনীয়তা, সাংবাদিকদের পেশাগত সুরক্ষা এবং ইলেকট্রনিক মিডিয়ার বিভিন্ন সঙ্কটের কারিগরি ও নীতিনির্ধারণী দিক তুলে ধরেন। তথ্যমন্ত্রী তাদের প্রস্তাবনাগুলো গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন।

সাংবাদিক হওয়ার নীতিমালা চান ডিসিরা, ভাবছে মন্ত্রণালয় -তথ্য উপদেষ্টা

সাংবাদিক হওয়ার জন্য একটা নীতিমালা থাকা দরকার বলে জানিয়েছেন ডিসিরা এবং আমরাও নীতিমালা এবং রেগুলেশনের কথা ভাবছি, এটা আমরা দ্রুতই করব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য মন্ত্রণালয়বিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান। বুধবার ডিসি সম্মেলনের চতুর্থ দিন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়বিষয়ক কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।

ডিসিরা মাঠপর্যায়ে কাজ করতে গিয়ে অনেক সময় রাজনৈতিক চাপের কথা বলেন, আপনাদের সাথে সে রকম কোনও বিষয় বা তাদের কোনো চাওয়া আপনাদের কাছে ব্যক্ত করেছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নে উপদেষ্টা বলেন, রাজনৈতিক প্রভাবের কথা যেটা বলছেন, সেই আলোচনা এখানে আসেনি। তিনি জানান, এটা এসেছে যে আমাদের সাংবাদিকরা যারা ওখানে কাজ করেন, আমরা তো এখন একটা ডিজিটাল মিডিয়ার মধ্যে ঢুকে পড়েছি, খুব সহজে মিডিয়া অনেকে চালু করছেন, অনলাইন বেসড। সেখানে কখনো কখনো তাদের মতে এবং তারা এই সমস্যা ফেইসও করেন যে, এটা আপনারাও নিশ্চয় স্বীকার করবেন যে নীতিমালার একটা অভাব আছে। সুতরাং তাদের একটা এক্সপেকটেশন হলো, সাংবাদিক হওয়ার জন্য একটা নীতিমালা থাকা দরকার এবং সাংবাদিকদের একটা কোড অব কন্টাক্ট থাকা দরকার, যা তারা ফলো করবেন, সেই ক্ষেত্রে তাদের দায়িত্ব পালনে সুবিধা হবে।

একটা নীতিমালা এবং রেগুলেশনের কথা আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ভাবছি এবং এটা আমরা দ্রুতই করব। এ সময় তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, সচিব মাহবুবা ফারজানা, তথ্য অধিদফতরের প্রধান তথ্য কর্মকর্তা সাংবাদিক সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।