চুয়াডাঙ্গা প্রতিনিধি ও দামুড়হুদা সংবাদদাতা
স্বামীর রেখে যাওয়া জমি লিখে না দেয়ায় চুয়াডাঙ্গার বোয়ালমারী গ্রামে ৬৬ বছর বয়সী বৃদ্ধা মা জাহানারা বেগমকে চার দিন ঘরে বন্দী রেখে নির্যাতন ও প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগ উঠেছে তার দুই ছেলে ও পুত্রবধূদের বিরুদ্ধে। নিরুপায় হয়ে ওই বৃদ্ধা মা তার বড় ছেলে জাব্বারুল হক রবিউল ও ছোট ছেলে হুমায়ুন রশিদ জুয়েলসহ চারজনের বিরুদ্ধে চুয়াডাঙ্গার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেছেন।
জানা যায়, মৃত স্বামী ও ওয়ারিশ সূত্রে পাওয়া জমি ছেলেরা জোরপূর্বক চাষাবাদ করছে। সেই জমির অধিকার চাওয়ায় এবং তা ছেলেদের নামে লিখে দিতে রাজি না হওয়ায় গত ২০ মে থেকে ২৪ মে পর্যন্ত জাহানারা বেগমকে দোতলার একটি কক্ষে অবরুদ্ধ করে রাখা হয়।
স্থানীয় ইউপি সদস্য বাবুল হোসেন ও বাসিন্দা জাহাঙ্গীর আলম জানান, জমি নিয়ে এই বিরোধ পুরনো। এলাকার গণ্যমান্য ব্যক্তিরা একাধিকবার মীমাংসার চেষ্টা করলেও অভিযুক্ত দুই ভাই বৈঠকে উপস্থিত হননি। তবে সব অভিযোগ অস্বীকার করে বড় ছেলে শিক্ষক রবিউল দাবি করেন, মাকে বন্দী বা মারধরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।



