হাম ও উপসর্গে প্রাণ গেল আরো ৩ শিশুর

Printed Edition

নয়া দিগন্ত ডেস্ক

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ঢাকা বিভাগে দুজন ও সিলেটে একজন করে মারা গেছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি।

এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৬১৩ জন। এই হিসাব শুক্রবার সকাল ৮টা থেকে গতকাল সকাল ৮টা পর্যন্ত। গতকাল স্বাস্থ্য অধিদফতরের হাম সংক্রান্ত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে গতকাল পর্যন্ত দেশে নিশ্চিত হামে মৃত্যু হয়েছে ৯১ জনের। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫২২ জন। সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে ১১৭ জনের শরীরে নিশ্চিত হাম সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ৯ হাজার ৬২০ জন। একই সময়ে ৯১৫ শিশুর শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে করে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে ৭৭ হাজার ৭৯১ জনে।

সিলেটে মৃত্যু বেড়ে ৬৫

সিলেট ব্যুরো জানান : সিলেটে হাম উপসর্গে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। সিলেটের জালালাবাদ রাগিব রাবেয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ৯ মাসের সালেহ আহমদ সিলেটের কানাইঘাট উপজেলার বাসিন্দা। এ নিয়ে সিলেট বিভাগে হামে ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫ জনে।

এ দিকে গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে ল্যাব পরীক্ষায় তিনজনের হাম শনাক্ত হয়েছে। এই সময়ে হাম উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৭৭ জন।