লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে আন্তর্জাতিক সীমান্ত আইন লঙ্ঘন করে জিরো লাইনে বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের কঠোর আপত্তি ও তাৎক্ষণিক হস্তক্ষেপে শেষ পর্যন্ত খুঁটি অপসারণ করে বিএসএফ।
বৃহস্পতিবার সকালে উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের কলসির মুখ সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, সকালে বিএসএফের একটি দল সীমান্তের জিরো লাইনের কাছে বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা চালায়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা বিজিবিকে জানায়। পরে বিজিবির টহল দল ঘটনাস্থলে গিয়ে এর তীব্র প্রতিবাদ জানায়।
বিজিবি সদস্যরা বিএসএফকে আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে চলার আহ্বান জানিয়ে খুঁটি সরিয়ে নেয়ার নির্দেশ দেন। একপর্যায়ে বিজিবির কড়া অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা স্থাপন করা খুঁটি অপসারণ করে সেখান থেকে সরে যায়।
রংপুর ৫১ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিউর রহমান বলেন, সীমান্তের ১৫০ গজের বাইরে খুঁটি স্থাপনের চেষ্টা হয়েছিল। বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হলে বিএসএফ তা সরিয়ে নেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক।
সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, ২ রাউন্ড গুলি ছুড়ল বিজিবি
লালমনিরহাটে পাটগ্রাম সীমান্তে ভারতীয় চোরাকারবারিদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শুক্রবার ভোর রাতে পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ী ইউনিয়নের পশ্চিম গিয়াপাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।
রংপুর ৫১ বিজিবি ব্যাটালিয়ন জানায়, পাটগ্রাম উপজেলার কলসিমুখ সীমান্তের মেইন পিলার-৮০৬ থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করে ভারতীয় একটি চোরাকারবারি দল। প্রথমে তাদের অবৈধ অনুপ্রবেশ না করতে চ্যালেঞ্জ দেয় বিজিবি সদস্যরা। তাদের বাধা অতিক্রম করে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করতে দুই রাউন্ড ফাঁকাগুলি ছুড়ে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের অধীনে কলসিরমুখ ক্যাম্পের টহল দলের সদস্যরা।



