শরীয়তপুর প্রতিনিধি
দালালের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হওয়ার হাত থেকে তরুণদের বাঁচাতে এবং নিরাপদ অভিবাসন নিশ্চিত করতে শরীয়তপুরে এক ব্যতিক্রমী উদ্যোগ নেয়া হয়েছে। শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরনের ব্যক্তিগত উদ্যোগে নড়িয়া ও সখিপুর উপজেলার ২১৬ জন শিক্ষিত বেকার যুবক সম্পূর্ণ বিনামূল্যে বিদেশে কর্মসংস্থানের সুযোগ পাচ্ছেন।
এই কর্মসূচির আওতায় গত শনিবার সকালে নড়িয়া উপজেলা পরিষদ হলরুমে আবেদন গ্রহণ ও প্রাথমিক বাছাই কার্যক্রম শুরু হয়। মেসার্স মেটকো এন্টার প্রাইজের তত্ত্বাবধানে আয়োজিত এই বাছাই প্রক্রিয়ায় নড়িয়া ও সখিপুর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা প্রায় আট শতাধিক শিক্ষিত বেকার যুবক সাক্ষাৎকারে অংশ নেন।
আয়োজকরা জানান, নির্বাচনী এলাকার প্রতিটি ওয়ার্ড থেকে যাচাই-বাছাইয়ের মাধ্যমে একজন করে মোট ২১৬ জন যুবককে চূড়ান্তভাবে নির্বাচিত করা হবে। নির্বাচিতদের ঢাকায় নিয়ে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। প্রশিক্ষণ শেষে দক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে তাদের সংযুক্ত আরব আমিরাতের দুবাইসহ বিভিন্ন দেশে বিভিন্ন ক্যাটাগরির ভিসায় পাঠানো হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রশিক্ষণ, থাকা-খাওয়া, ভিসা প্রক্রিয়া, বিমান ভাড়াসহ বিদেশ যাওয়ার সমস্ত আনুষঙ্গিক খরচ মেসার্স মেটকো এন্টারপ্রাইজের পক্ষ থেকে বহন করা হবে। বিদেশগামী যুবকদের কাছ থেকে কোনো টাকা নেয়া হবে না।
এ বিষয়ে সংসদ সদস্য শফিকুর রহমান কিরন বলেন, শিক্ষিত বেকার যুবকদের স্বাবলম্বী করতেই আমার এই উদ্যোগ। প্রশিক্ষণ থেকে শুরু করে কর্মসংস্থান পর্যন্ত সব ব্যয় আমরাই বহন করব। ২১৬ জনকে দিয়ে এই মানবিক যাত্রা শুরু হলেও ভবিষ্যতে এই কার্যক্রম অব্যাহত থাকবে।



