লালমোহন (ভোলা) সংবাদদাতা
ভোলার লালমোহন পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডে নারিকেল পাড়া নিয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে মো: মাসুদ হাওলাদার (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় নারীসহ উভয় পক্ষের একাধিক ব্যক্তি আহত হয়েছেন। পুলিশ ঘটনায় জড়িত অভিযোগে রেশমা (৩৫), স্বামী ফিরোজ (৪৫), তানভির (২৫) ও আক্তার (৩০) কে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মো: মাসুদ হাওলাদার বাড়িতে না থাকায় প্রতিবেশী রেশমা ও স্বামী ফিরোজ, ছেলে সজীব (২২) এবং আরো কয়েকজনকে নিয়ে মাসুদের বাড়ির একটি গাছ থেকে নারিকেল পাড়তে যান। তখন মাসুদের মেয়ে মাসুমা বাধা দিলে কথা কাটাকাটির এক পর্যায়ে রেশমা তার হাতে থাকা ধারালো দা দিয়ে মাসুমার ওপর হামলা চালায়। এতে মাসুমার হাতে গুরুতর জখম হয়। এ সময় মাসুদের বোন ফাতেমা বেগম (৭০) এতে বাধা দিলে তাকেও মারধর করা হয়। হামলায় তার হাত ভেঙে গেছে। তাদের চিৎকার শুনে প্রতিবেশী মো: শাহিন ঘটনাস্থলে গেলে তাকেও মারধর করা হয়। পরে খবর পেয়ে বাজার থেকে বাড়িতে ফিরে আসেন মো: মাসুদ হাওলাদার। এ সময় উভয় পক্ষ সংঘর্ষে জড়ালে আরো কয়েকজন আহত হন।



