বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের ‘সংসদ সচিবালয় কমিশন’-এর ৩৭তম সভা আজ বুধবার অনুষ্ঠিত হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদের অধীনে কমিশনের এটিই প্রথম বৈঠক। সংসদের বাজেট অনুমোদন, কর্মকর্তা-কর্মচারীদের ভাতা নির্ধারণ এবং সংসদ সচিবালয় আইন সংশোধনের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলো সামনে রেখে এ সভা অনুষ্ঠিত হচ্ছে। ভবিষ্যৎ প্রশাসনিক কাঠামো ও ব্যয় ব্যবস্থাপনায় নতুন দিকনির্দেশনা নির্ধারণে এ বৈঠককে বিশেষ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।
সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, আজ বুধবার বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের কেবিনেট কক্ষে এ সভা শুরু হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম। স্পিকারের নেতৃত্বে কমিশনের অন্য সদস্যদের মধ্যে উপস্থিত থাকবেন- প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা: মো: শফিকুর রহমান, আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো: আসাদুজ্জামান এবং অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। গত ৪ এপ্রিল জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪-এর ধারা ৭ অনুযায়ী এ কমিশন পুনর্গঠন করা হয়।
বৈঠকে বিগত ৩৬তম সভার সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি যাচাই করার পাশাপাশি নতুন অর্থবছরকে সামনে রেখে সংসদ সচিবালয়ের ব্যয় কাঠামো চূড়ান্ত করা হবে। জাতীয় সংসদের ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত বাজেট এবং ২০২৬-২০২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট অনুমোদনের বিষয়টি সভার কেন্দ্রীয় আলোচ্য হিসেবে থাকছে। একইসাথে কর্মকর্তা-কর্মচারীদের অতিরিক্ত খাটুনি ভাতা নির্ধারণ, সংসদ ভবনের ইলেকট্রিক্যাল সরঞ্জামাদি টিওঅ্যান্ডই-ভুক্তকরণ এবং জাতীয় সংসদ সচিবালয় আইন, ১৯৯৪ সংশোধনের বিষয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলাকালে শব্দযন্ত্র বা সাউন্ড সিস্টেমে যে বিভ্রাট দেখা দিয়েছিল, সে বিষয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হবে। এ ঘটনার পেছনে কোনো ‘নাশকতা’ বা ‘সাবোটাজ’ ছিল কি না, তা খতিয়ে দেখতে সার্জেন্ট অ্যাট আর্মসের নেতৃত্বে গঠিত তিন সদস্যের কমিটি ইতোমধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। চিফ হুইপ নূরুল ইসলাম জানান, কমিটির রিপোর্ট জমা হলেও এর বিষয়বস্তু এখনো পর্যালোচনা করা হয়নি। গত ১২ মার্চ অধিবেশন শুরুর পর সাউন্ড বিভ্রাটে কার্যক্রম বিঘিœত হলে জামায়াতের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীসহ অনেক সদস্য তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন। যান্ত্রিক ত্রুটি শনাক্তে বুয়েট বিশেষজ্ঞদেরও পরামর্শ নেয়া হচ্ছে।
সাউন্ড সিস্টেমের পাশাপাশি সংসদ সদস্যদের ব্যবহৃত হেডফোন নিয়েও অসন্তোষ প্রকাশ করেছেন চিফ হুইপ নূরুল ইসলাম। তিনি জানান, বিদ্যমান হেডফোনগুলো অত্যন্ত বড় ও শ্রুতিকটু, যা ব্যবহারে কান ও মাথা গরম হয়ে যায়। এগুলো দ্রুত পরিবর্তনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে, ২০২৫ সালের ২৭ মে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কমিশনের ৩৬তম বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সেই বৈঠকে ২০২৪-২০২৫ অর্থবছরের ১৫৪ কোটি চার লাখ টাকার সংশোধিত বাজেট এবং ২০২৫-২০২৬ অর্থবছরের জন্য ২৩২ কোটি টাকার প্রস্তাবিত বাজেট প্রাক্কলন অনুমোদন করা হয়েছিল। ওই বৈঠকে সরকারের উচ্চপদের সচিবরা উপস্থিত ছিলেন। তারও আগে, ২০২৪ সালের ২৮ মে দ্বাদশ জাতীয় সংসদের অধীনে ৩৫তম বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল তৎকালীন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে, যেখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা জি এম কাদের উপস্থিত ছিলেন।



