আলজাজিরা
ইসরাইলি বাহিনীর হাতে সমুদ ফ্লোটিলার অপহৃত অন্তত ৮৭ সদস্য আমরণ অনশন শুরু করেছে। এই অনশনের মাধ্যমে ইসরাইলি কারাগারে আটক ৯ হাজার ফিলিস্তিন বন্দীর প্রতি সংহতিও প্রকাশ করছেন অনশনকারীরা। গাজার ওপর দীর্ঘ দিনের অমানবিক অবরোধ ভাঙার প্রচেষ্টার অংশ হিসেবে গত সপ্তাহে তুরস্কের মারমারিস বন্দর থেকে ৫০টিরও বেশি জাহাজের এই বহরটি রওনা হয়েছিল।
আন্তর্জাতিক পানিসীমায় হামলা চালিয়ে অবরুদ্ধ গাজাগামী ত্রাণবাহী শেষ জাহাজ ‘লিনা আল-নাবুলসি’ থেকে গত মঙ্গলবার রাতে ছয়জনকে জোরপূর্বক তুলে নেয় ইসরাইল। গ্লোবাল সুমুদ ফ্লোটিলা নামের আয়োজক সংগঠনটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, অন্যায়ভাবে আটকে রাখা এবং ফিলিস্তিনিদের ওপর চলা জুলুমের বিরুদ্ধেই এই অনশন।
সোমবার সাইপ্রাস উপকূলের কাছে আন্তর্জাতিক পানিসীমায় সাধারণ ত্রাণবাহী জাহাজগুলোর ওপর আচমকা চড়াও হয় ইসরাইলি কমান্ডোরা। সেখানে তারা নির্বিচারে রাবার বুলেট ছোড়ে, তল্লাশি চালায় এবং একের পর এক জাহাজ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে ফ্লোটিলার সদস্যদের বন্দী করে। আটকদের মধ্যে আয়ারল্যান্ডের প্রেসিডেন্ট ক্যাথরিন কনলির বোন ও পেশায় চিকিৎসক মার্গারেট কনলিসহ প্রায় ১৫ জন আইরিশ নাগরিক রয়েছেন। বন্দীদের মধ্যে ৯ জন ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।



