আলজাজিরা
ফ্রান্সের বোর্দো বন্দরে নোঙর করা একটি প্রামোদতরীতে নরোভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় এবং এক যাত্রীর মৃত্যুর পর এক হাজার ৭০০-এর বেশি যাত্রী ও ক্রু সদস্যকে সেখানে অবরুদ্ধ করে রাখা হয়েছে। আম্বিশন নামের ওই জাহাজটি মঙ্গলবার এক হাজার ২৩৩ জন যাত্রী নিয়ে বোর্দোতে পৌঁছায়, যাদের অধিকাংশই ব্রিটিশ ও আইরিশ নাগরিক। ফরাসি স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, ৯০ বছর বয়সী এক যাত্রীর মৃত্যু হয়েছে এবং আরো প্রায় ৫০ জনের মধ্যে ভাইরাসের উপসর্গ দেখা গেছে।
জাহাজটির পরিচালক সংস্থা অ্যাম্বাসেডর ক্রুজ লাইন জানিয়েছে, মৃত ওই যাত্রী পাকস্থলী বা অন্ত্রের কোনো সমস্যার কথা জানাননি এবং ময়নাতদন্তের পূর্ণাঙ্গ প্রতিবেদন না আসা পর্যন্ত মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাচ্ছে না। তবে কোম্পানিটি স্বীকার করেছে যে, ১৪ রাতের ওই ভ্রমণে থাকা জাহাজটির ৪৮ জন যাত্রী এবং একজন ক্রু সদস্য বর্তমানে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল বা পেটের সমস্যায় ভুগছেন। ফরাসি কর্তৃপক্ষ পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সবাইকে জাহাজের ভেতরেই অবস্থানের নির্দেশ দিয়েছে। গত শুক্রবার বেলফাস্ট এবং শনিবার লিভারপুল থেকে যাত্রা শুরু করার পর থেকেই যাত্রীদের মধ্যে অসুস্থতার হার বাড়তে দেখা যায়।



