ক্রীড়া প্রতিবেদক
বাংলাদেশ নারী ফুটবলের জন্য আরেকটি গৌরবের মুহূর্ত অপেক্ষা করছে আজ। দেশের অন্যতম সেরা ফরোয়ার্ড ঋতুপর্ণা চাকমা প্রথমবারের মতো মিয়ানমারের নারী ফুটবল লিগে মাঠে নামতে যাচ্ছেন। তিন মাসের চুক্তিতে তিনি মিয়ানমারের ক্লাব আয়েয়াওয়াদি এফসিতে যোগ দিয়ে ইতোমধ্যে অনুশীলনও শুরু করেছেন সতীর্থদের সাথে। ক্লাবটিতে বিদেশী খেলোয়াড় হিসেবে রয়েছেন থাইল্যান্ড ও ফিলিপাইনের আরো দুই ফুটবলার।
এর আগে দেশের নারী ফুটবলাররা মালদ্বীপ, ভারত, ভুটান ও নেপালের লিগে খেলেছেন। এবার মিয়ানমারের লিগেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ঋতুপর্ণা, যা দেশের ফুটবলের জন্য একটি নতুন মাইলফলক। মিয়ানমার নারী ফুটবল লিগের নতুন মৌসুম শুরু হয়েছে গত সোমবার। উদ্বোধনী ম্যাচে আইএসপিই ৩-০ গোলে শান ইউনাইটেডকে হারিয়েছে। আজ নিজেদের প্রথম ম্যাচ খেলবে আয়েয়াওয়াদি এফসি। তাদের প্রতিপক্ষ থিতসার আরমান এফসি। সেই ম্যাচেই ক্লাবটির জার্সিতে অভিষেক হওয়ার কথা রয়েছে ঋতুপর্ণা চাকমার।


