আজভ সাগরে ইউক্রেনের হামলায় ৫ জাহাজ ক্ষতিগ্রস্ত, নিহত ৫

Printed Edition

বিবিসি

রুশ অধিকৃত উপকূলীয় অঞ্চল ও আজভ সাগরে পাঁচটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনীয় বাহিনী। ইউক্রেনের সামরিক সূত্রের দাবি, আক্রান্ত জাহাজগুলো অবৈধ কার্যকলাপে লিপ্ত ছিল। ইউক্রেনের ড্রোন বাহিনীর কমান্ডার জানিয়েছেন, জাহাজগুলো গোপনে ইউক্রেনীয় শস্য ‘চুরির’ পাশাপাশি রুশ বাহিনীর জন্য সামরিক সরঞ্জাম ও জ্বালানি পরিবহনের কাজে ব্যবহার করা হচ্ছিল।

সেন্ট পিটার্সবার্গে রাশিয়ার একটি বৃহৎ অর্থনৈতিক ফোরামে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের বক্তব্য দেয়ার প্রস্তুতির ঠিক আগমুহূর্তে এই হামলা চালানো হয়। এর মাত্র এক দিন আগে, যুদ্ধ অবসানের লক্ষ্যে পুতিনকে সরাসরি বৈঠকের প্রস্তাব দিয়ে একটি চিঠি পাঠিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এদিকে, শুক্রবার রোমানিয়া উপকূলের কাছে ইউক্রেনের একটি নৌ-ড্রোন বিস্ফোরণের শিকার হলেও সেখানে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

আজভ সাগরে দু’টি জাহাজে ড্রোন হামলায় নিজেদের পাঁচ নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছে আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে এই হামলার জন্য সরাসরি কাউকে অভিযুক্ত না করে দেশটি জানিয়েছে, আক্রান্ত জাহাজগুলো আজারবাইজানের মালিকানাধীন ছিল না। ইউক্রেনের ড্রোন কমান্ডার রবার্ট ব্রভদি জানান, গত রাতে রুশ নিয়ন্ত্রিত মারিউপোল ও বেরদিয়ানস্ক বন্দরে অবস্থানরত পাঁচটি ‘অবৈধ’ জাহাজ লক্ষ্য করে এই অভিযান চালানো হয়।