ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। নবগঠিত এ বিশ্ববিদ্যালয়কে উত্তরাঞ্চলের জ্ঞান, গবেষণা ও সম্ভাবনার আলোকবর্তিকায় পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি শিক্ষাবিদ, গবেষক ও নাট্যব্যক্তিত্ব ড. ইসরাফিল শাহীন।
গতকাল মঙ্গলবার দুপুরে ঠাকুরগাঁও প্রেস ক্লাবের আধুনিক হলরুমে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, ‘ভিসির দায়িত্ব একটি বড় দায়িত্বভার। এতে আমি কোনো আত্মগৌরব অনুভব করি না। সবার সহযোগিতায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে একটি মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপ দিতে চাই।’
তিনি বলেন, বর্তমান সরকারের উদ্যোগে ঠাকুরগাঁও জেলায় শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ও শিল্পায়নের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, মেডিক্যাল কলেজ, বিমানবন্দর চালুর উদ্যোগ ও ইপিজেড স্থাপনের পরিকল্পনা এ অঞ্চলের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
ড. ইসরাফিল শাহীন আরো বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সুনাম রক্ষায় গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা, মতামত ও সহযোগিতা কামনা করেন।
মতবিনিময় সভায় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রশংসা করে তিনি বলেন, ‘ঠাকুরগাঁওয়ের মানুষের সাথে তার গভীর আত্মিক সম্পর্ক রয়েছে। তার আন্তরিক প্রচেষ্টায় এ অঞ্চলে উন্নয়নের নতুন ধারা সূচিত হয়েছে।’
অনুষ্ঠানে ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠু, প্রবীণ সাংবাদিক আব্দুল লতিফ, জাকির মোস্তাফিজসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় সাংবাদিকরা নবনিযুক্ত ভিসিকে ফুলেল শুভেচ্ছা জানান।
উল্লেখ্য, বর্তমান সরকার ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়ে গেজেট প্রকাশ করে। গত ৭ মে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. ইসরাফিল শাহীন বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরই মধ্যে প্রাথমিক প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং আগামী শিক্ষাবর্ষ থেকেই শিক্ষা কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।



