পুঠিয়া (রাজশাহী) সংবাদদাতা
রাজশাহীর পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স দুই বছর ধরে নিখোঁজ রয়েছে। কর্তৃপক্ষের অবহেলায় সেটি উদ্ধারের চেষ্টা হচ্ছে না বলে অভিযোগ এলাকাবাসীর।
সরেজমিন দেখা যায়, পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সটি গ্যারেজে থাকার কথা থাকলেও সেখানে এর কোনো খোঁজ পাওয়া যায়নি। স্বাস্থ্য কমপ্লেক্সের কোনো কর্মকর্তা-কর্মচারীও এ বিষয়ে করে কিছু জানাতে পারেননি।
জানা গেছে, ২০০০ সালের শুরুতে জরুরি রোগী পরিবহন ও উন্নত চিকিৎসার লক্ষ্যে দেশব্যাপী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স সরবরাহ প্রকল্পের উদ্যোগ নেয় সরকার। সেই প্রকল্পের আওতায় ২০০৪ সালে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে এই অ্যাম্বুলেন্সটি প্রদান করা হয়েছিল। প্রত্যন্ত অঞ্চলের রোগীদের দ্রুত ও জীবনরক্ষাকারী জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকারি উদ্যোগে এই পরিবহন সুবিধাটি দেয়া হয়। রাজশাহী জেলার পুঠিয়াসহ দেশের অন্যান্য প্রান্তিক উপজেলাগুলোতে জরুরি চিকিৎসার পরিবহন সঙ্কট দূর করা এবং রোগীদের জেলা সদরের হাসপাতালে পাঠানোর সময় যেন জীবন বিপন্ন না হয়, তা প্রতিরোধের জন্য সরকার এ উদ্যোগ নিয়েছিল।
পরবর্তীতে ২০২০ সালে তৎকালীন সরকার হাসপাতালটিতে আরো একটি নতুন অ্যাম্বুলেন্স প্রদান করে। এর পর থেকে নতুন অ্যাম্বুলেন্সটি জরুরি স্বাস্থ্যসেবা প্রদানের জন্য ব্যবহার করা হতো। আর পুরাতন অ্যাম্বুলেন্সটি বিশেষ বিশেষ সময়ে অথবা নতুনটির সার্ভিসিংয়ের সময় বিকল্প হিসেবে ব্যবহার করা হতো।
নাম প্রকাশ না করার শর্তে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক কর্মচারী জানান, ২০২৪ সালের মাঝামাঝি সময়ের পর থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গ্যারেজে পুরাতন অ্যাম্বুলেন্সটি আর দেখতে পাওয়া যায়নি। তবে অ্যাম্বুলেন্সটি কোথায় গেল, সে প্রশ্নের উত্তর দিতে তিনি অপারগতা প্রকাশ করেন। সব মিলিয়ে গত দুই বছর ধরে এই গাড়িটির কোনো খোঁজ নেই।
এ ব্যাপারে পুঠিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: সূচনা মনোহারা বলেন, বিষয়টি ইতোমধ্যে ঊর্ধŸতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। আমাদের অফিসিয়াল প্রক্রিয়া অনুসরণ করে হারানো অ্যাম্বুলেন্সটি উদ্ধার করা হবে।



