ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপ শুরু হতে এখনো বাকি ২৯ দিন। তবে এরই মধ্যে ইতিহাসের অংশ হয়ে গেছে কোরাসাও জাতীয় ফুটবল দল। মাত্র এক লাখ ৫৬ হাজার জনসংখ্যা ও ৪৪৪ বর্গকিলোমিটার আয়তনের দেশটি বিশ্বকাপে জায়গা করে নিয়ে আগেই সবচেয়ে ছোট দেশ হিসেবে নজর কেড়েছিল। এবার তারা গড়তে যাচ্ছে আরো একটি অনন্য রেকর্ড। বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বয়সী কোচকে নিয়ে মাঠে নামার।
৭৮ বছর বয়সী ডাচ কোচ ডিক অ্যাডভোকাট। আবারো কুরাসাও জাতীয় দলের দায়িত্বে ফিরেছেন। তার অধীনেই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে ক্যারিবীয় দ্বীপদেশটি। তবে ফেব্রুয়ারিতে অসুস্থ মেয়ের দেখভালের জন্য দায়িত্ব ছাড়েন তিনি এবং তার স্থলাভিষিক্ত হন ফ্রেড রুটেন। কিন্তু রুটেনের অধীনে দল প্রত্যাশিত ফল করতে পারেনি। খেলোয়াড়দের সাথে দূরত্ব ও টানা দুই পরাজয়ের পর শেষ পর্যন্ত তাকে সরিয়ে আবারো আনা হয়েছে অ্যাডভোকাটকে।
আগামী ১৪ জুন হিউস্টনে জার্মানির বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে কুরাসাও। সেই ম্যাচে দায়িত্ব পালন করতে নেমে বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়সী কোচের রেকর্ড গড়বেন অ্যাডভোকাট। তিনি ছাড়িয়ে যাবেন অটো রেহাগেল অস্কার ওয়াশিংটন তাবরেজ ও লুইস ভ্যান গালের মতো কিংবদন্তিদের।
স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, কুরাসাও দলের খেলোয়াড়রাই অ্যাডভোকাটকে ফেরানোর পক্ষে জোর দেন। এমনকি দলের প্রধান স্পন্সর ডাচ এয়ারলাইন প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী ফেডারেশনকে সতর্ক করে জানান, অ্যাডভোকাটকে না ফেরালে তারা আর্থিক ও লজিস্টিক সহায়তা বন্ধ করে দেবে। শেষ পর্যন্ত সেই চাপেই সিদ্ধান্ত বদলাতে বাধ্য হয় কুরাসাও ফুটবল ফেডারেশন।
আগামী ২৫ মে নেদারল্যান্ডসের নর্ডউইকে খেলোয়াড়দের সাথে যোগ দেবেন অ্যাডভোকাট। বিশ্বকাপে কুরাসাও রয়েছে ‘ই’ গ্রুপে। জার্মানির পাশাপাশি তাদের প্রতিপক্ষ ইকুয়েডর ও আইভরি কোস্ট। ছোট্ট এই দ্বীপদেশ এখন স্বপ্ন দেখছে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস লেখার।
বিশ্বকাপে প্রতিনিধত্ব করা বয়স্ক কোচ
১। ডিক অ্যাডভোকাট (৭৮), কুরাসাও, ২০২৬।
২। অটো রেহাগেল (৭১) গ্রিস, ২০১০।
৩। অস্কার তাবরেজ (৭১) উরুগুয়ে, ২০১৮।
৪। লুইস ভ্যান গাল (৭১) নেদারল্যান্ডস, ২০২২।
৫। সিজার মালদিনি (৭০)প্যারাগুয়ে,২০০২।
৬। কার্লোস কুইরোজ (৬৯) ইরান, ২০২২।
৭। হোসে পেকারম্যান (৬৮) কলম্বিয়া, ২০১৮।
৮। অটো ফিস্টার (৬৮) টেগো, ২০০৬।
৯। ফার্নান্দে সান্তোস (৬৮) পর্তুগাল, ২০২২।
১০। ফ্যাবিও কাপেলো (৬৮) রাশিয়া, ২০১৮।
ডিক অ্যাডভোকাট ২০২৬ বিশ্বকাপে দায়িত্ব পালন করলে তিনিই হবেন বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী প্রধান কোচ।



