কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতির আহ্বান

২৪ ঘণ্টার মধ্যে খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের পদ ছাড়তে হবে : অধ্যাপক নুর নবী

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

আজ সোমবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কলম বিরতির আহ্বান এবং খুরশীদ আলমকে চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের দাবি জানিয়েছেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সভাপতি অধ্যাপক নুর নবী মানিক।

গতকাল সকালে রাজধানীর মতিঝিলে ইসলামী ব্যাংক টাওয়ারের সামনে সচেতন গ্রাহক ফোরামের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে তিনি এই দাবি জানান।

এ সময় তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, দেশের সর্ববৃহৎ ব্যাংক ইসলামী ব্যাংক। এই ব্যাংক ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসরের হাতে তুলে দিয়ে অর্থনীতি ধ্বংস করবেন না। খুরশীদ আলম একজন দুর্নীতিবাজ, ব্যাংক ডাকাত, ফ্যাসিস্ট আওয়ামী লীগের সহযোগী। যার কারণে অন্তর্বর্তী সরকারের আমলে তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ থেকে পদত্যাগ করে পালিয়ে যান। সেই পলাতক খুরশীদ আলমকেই কেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান করতে হবে? কারণ খুরশীদ আলম লুটপাট ভালো জানে! আগে লুটপাট করে পতিত আওয়ামী লীগ ও তাদের দোসর এস আলম গ্রুপকে দিয়েছে। এখন লুটপাট করে বর্তমান ক্ষমতাসীনদের দেবে!

তিনি আরো বলেন, সোমবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়সহ দেশের প্রতিটি শাখা-উপশাখার সামনে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম অবস্থান কর্মসূচি ও মানববন্ধন পালন করবে। এই দুই ঘণ্টা লেনদেন বন্ধ রেখে কলম বিরতি পালন করতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানাচ্ছি। এ দিকে গতকাল কলম বিরতি চলাকালে রাজধানীর মতিঝিলে ব্যাংকের প্রধান কার্যালয়সহ দেশের সব শাখায় সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ব্যাংকিং সেবা বন্ধ ছিল।